আইসিসির ছাড়পত্র পেলেন আমির

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৫, ২১:৩৮
 
 
 
সিদ্ধান্তটা অনুমিতই ছিল; অপেক্ষা ছিল কেবল ঘোষণার। বৃহস্পতিবার সেই ঘোষণাও দিয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ঘোষণা অনুযায়ী, স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ পেসার মোহাম্মদ আমিরের জন্য নতুন করে ক্রিকেট ক্যারিয়ার শুরু করাটা এখন স্রেফ সময়ের ব্যাপার।
 
আইসিসির বৈঠকের পর সম্ভাবনাময় এই পেসারকে ঘরোয়া ক্রিকেট খেলার ছাড়পত্র দিয়েছে সংস্থাটি। আর এই ছাড়পত্র অনুযায়ী আগামী মাস থেকেই ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।
 
দুবাইয়ে বোর্ড সভা ছিল আইসিসির। সেখানে অনেক ব্যাপারের সাথে উঠে এসেছে মোহাম্মদ আমীরের ফেরার প্রসঙ্গও। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের সিদ্ধান্ত জানায় আইসিসি। সেটার মূল বক্তব্য হল, আইসিসির দুর্নীতি দমন ইউনিট আকসুকে কাজে সহযোগিতা করায় আগেই ফেরার সুযোগ পাচ্ছেন মোহাম্মদ আমের।
 
এর আগে গত শুক্রবার আইসিসি তার সাথে এক দফা বৈঠক করেছে। তখনই আগামী মাস থেকে প্রথম শ্রেণীর ক্রিকেটের আবারও ফিরে আসার জোর সম্ভাবনা ছিল সম্ভাবনাময়ী এই ক্রিকেটারের। গত ২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে দোষী প্রমাণিত হওয়ায় মোহাম্মদ আসিফ ও সালমান বাটের সাথে ছয় মাস জেল খাটতে হয় তাকে। আগামী আগষ্ট মাসে নিষেধাজ্ঞার পাঁচ বছর শেষ হবে এই ক্রিকেটারের। আইসিসির অ্যান্টি করাপশন কোড অনুযায়ী, নিষেধাজ্ঞার সময় শেষ হওয়ার আগে কিছুদিন ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমোদন দেয়া যেতে পারে খেলোয়াড়কে। এর এই আইনের উপর ভিত্তি করেই ক্রিকেটে ফেরাটা এগিয়ে আসলো ২২ বছর বয়সী আমীরের। আর আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য তিনি মুক্ত হয়ে যাবেন আগামী দুই সেপ্টেম্বর।
 
মোহাম্মদ আমের ইতিহাসের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে টেস্টে গড়েছেন ৫০ উইকেট নেয়ার কীর্তি। ২০১০ সালে টেন্ট ব্রিজে সেই রেকর্ড গড়ার পরপরই তার ওপর স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। তবে নতুন পাওয়া এই সুযোগে দারুণ উজ্জীবিত এই তারকা। বললেন, ‘এর মধ্যে আমি একেবারেই যে ক্রিকেটের বাইরে ছিলাম তা নয়। অপেশাদার কিছু দলের সাথে আমি খেলেছি এর মধ্যে। তাই মোমেন্টাম ফিরে পেতে খুব বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না। এখনও আমার বোলিংয়ের মধ্যে আগের বৈচিত্র আছে। এখন কেবল একটাই কাজ করতে হবে আমাকে। আর সেটা হল পরিশ্রম।’
 
একদিকে আমের ফেরায় পাকিস্তান ক্রিকেট বোর্ডে বইছে খুশির বন্যা। তবে, এর ঊল্টো দিকও আছে। এই যেমন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান তৌকির জিয়া মনে করছেন, আন্তর্জাতিক ক্রিকেটে আমিরকে ফেরার ব্যাপারে অনুমতি দেয়াটা ঠিক হয়নি। লাহোরে আয়োজিত একটি বই উন্মোচন অনুষ্ঠান শেষে তৌকির গণমাধ্যমকে বলেন, ‘আমীরকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অনুমতি দেওয়া যথাযথ হবে না। তার প্রত্যাবর্তন দলে সমস্যা তৈরি করবে। কেননা একজন ‘অপরাধী’র সঙ্গে মানিয়ে নেওয়া সতীর্থদের জন্য সহজ হবে না।’
 
আমীরের টাইমলাইন
২৬ আগস্ট, ২০১০ — ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের লর্ডস টেস্ট শুরু;
২৮ আগস্ট, ২০১০ — কয়েকজন পাকিস্তানি খেলোয়াড়ের উপর স্পট ফিক্সিংয়ের অভিযোগ আনে গণমাধ্যম;
২৯ আগস্ট, ২০১০ — মোহাম্মদ আমের, সালমান বাট ও মোহাম্মদ আসিফকে পুলিশের জিজ্ঞাসাবাদ
ফেব্রুয়ারি, ২০১১ — আপাতত তিন খেলোয়াড়কে ক্রিকেট থেকে বাইরে থাকার নির্দেশ আইসিসির
নভেম্বর, ২০১১ — তিন খেলোয়াড়ই দোষী সাব্যস্ত ও জেলে পাঠানোর নির্দেশ
ফেব্রুয়ারি, ২০১২ — ছয় মাসের কারাদণ্ড শেষে জেল থেকে মুক্ত আমের
২৯ জানুয়ারি, ২০১৫ — ঘরোয়া ক্রিকেট খেলার ব্যাপারে আইসিসির ছাড়পত্র প্রাপ্তি