সন্ত্রাস ঠেকাতে শক্তিশালী হচ্ছে কানাডার গোয়েন্দা সংস্থা

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৫, ১৭:১৮
 
 
 
 
সন্ত্রাসী হামলা ঠেকাতে কানাডার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে আরো শক্তিশালী করা হচ্ছে। নিরাপত্তা আইনের আওতায় শুক্রবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। খবর এনডিটিভির।
গত অক্টোবরে দেশটির পার্লামেন্ট ভবনে এক বন্দুকধারীর হামলার ঘটনার পর সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা কর্মকর্তারা। আর এ লক্ষ্যেই দেশটির গোয়েন্দা সংস্থাকে আরো শক্তিশালী করতে আইনটি করতে যাচ্ছে সরকার। নতুন আইন সম্পর্কে কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার বলেছেন—এ আইন আমাদের সাংবিধানিক অধিকার যেমন—কথা বলার অধিকার, সহযোগিতা এবং ধর্মীয় অধিকারকে ক্ষুণ্ন করবে না।
দ্য কানাডিয়ান সিকিউরিটি ইন্টিলিজেন্স সার্ভিসের (সিএসআইএস) কাজ ছিল তথ্য সংগ্রহ করে সেগুলো পুলিশকে জানানো। বর্তমান আইনে সংস্থাটি নিজেই গুরুত্বপূর্ণ হামলা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এ আইন বাস্তবায়ন করা হলে সংস্থাটি আর্থিক লেনদেন বন্ধ, চরমপন্থী গ্রুপগুলোর সাথে যোগাযোগ ও হামলায় ব্যবহূত সরঞ্জামাদি স্থানান্তরে লোকজনের দেশের ভেতরে প্রবেশ এবং বহির্গমনের ওপর নিষেধাজ্ঞা জারি ইত্যাদি কাজগুলো করার ক্ষমতাপ্রাপ্ত হবে। তবে তারা কাউকে আটক করতে পারবে না। ও দিকে, কোন অভিযোগ ছাড়াই সন্ত্রাসী তত্পরতা হতে পারে—এমন সন্দেহে পুলিশ লোকজনকে দীর্ঘ সময়ের জন্য আটক করতে পারবে এবং সহজেই সন্দেহভাজনদের নজরে রাখতে পারবে।