সিলেট থেকে আরো ভ্যাট- ট্যাক্স আদায়ে অর্থমন্ত্রীর পরামর্শ

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৫, ১৮:২৫


অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেট থেকে অধিক ভ্যাট ও ট্যাক্স আদায়ে উদ্যোগ গ্রহণে সিলেট চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজে নবগঠিত পরিচালনা পরিষদ সদস্যদের আহবান জানিয়েছেন।
শুক্রবার সকাল ১০টায় অর্থমন্ত্রীর সিলেটস্থ বাসভবনে চেম্বার্স নেতৃবৃন্দ অর্থমন্ত্রীর সাথে সাক্ষাতকালে তিনি এ আহবান জানান।
একইসঙ্গে অর্থমন্ত্রী আগামী দু’একমাসের মধ্যে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে প্রাক-বাজেট আলোচনার আয়োজন করতে পরামর্শ দিয়েছেন।
চেম্বার্স সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ এ সম্পর্কে জানান, সকালে অর্থমন্ত্রীর সাথে দেখা করতে গেলে তিনি আমাদের নবগঠিত বোর্ডকে অভিনন্দন জানিয়ে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে আগামী দু’একমাসের মধ্যেই প্রাক-বাজেট আলোচনার পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে তিনি সিলেট থেকে অধিক ভ্যাট ও ট্যাক্স আদায়ে চেম্বার নেতৃবৃন্দকে উদ্যোগ নেয়ার আহবান জানান।
এ সময় ব্যবসায়ীদের পক্ষে আরো উপস্থিত ছিলেন- সিনিয়র সহ-সভাপতি মো. মামুন কিবরিয়া সুমন, সহ-সভাপতি মাসুদ আহমদ চৌধুরী প্রমুখ।