গৌরনদীতে লঞ্চ ও কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত ৪

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৫, ২৩:৩১

বিএনপিসহ ২০ দলের ডাকা টানা অবরোধের ২৫ তম দিনে বরিশাল-ঢাকা মহাসড়কে বৃহস্পতিবার গভীর রাতে  উপজেলার কটকস্থল এলাকায় একটি কাভার্ড ভ্যানে ও শুক্রবার রাতে উপজেলার হোসনাবাদ এলাকায় ঢাকাগামী মানষী লঞ্চে প্রেট্রোল বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় কাভার্ড ভ্যানের চালক ও হেলপার আহত হয়েছে। এদিকে লঞ্চের ২ যাত্রীর হাত সামান্য পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, গৌরনদীর পালরদী নদীর হোসনাবাদ স্টিমার ঘাট এলাকা গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে অতিক্রমকালে ৩-৪ জন দুর্বৃত্ত নদীর পাড় থেকে ঢাকা-গৌরনদী রুটের মানষী লঞ্চে পেট্রোল বোমা হামলা চালায়। এতে লঞ্চের দোতলার একটি পর্দা পুড়ে যায়। এ সময় লঞ্চের দেড়শতাধিক যাত্রীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর পর লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। অপরদিকে উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো ঠ-১৪-৫৪৩৫) ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় চালক লিটন ও হেলপার তুহিন মৃধা সামান্য আহত হন। স্থানীয়রা ছুটে এসে কাভার্ড ভ্যানের আগুন নেভায়। পেট্রোল বোমা হামলায় কাভার্ড ভ্যানটির  প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।