জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু করল স্বাগতিক নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে কিউইরা ৭ উইকেটে হারিয়েছে সফরকারী পাকিস্তানকে।
ওয়েলিংটনে টস হেরে প্রথমে ব্যাটিং-এ নামে পাকিস্তান। কিন্তু স্কোর বোর্ডে ৩২ রান যোগ হতেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় তারা। মোহাম্মদ হাফিজ শুন্য, আহমেদ শেহজাদ ১৫ ও ইউনুস খান ৯ রান করে আউট হন।
এরপর দলের প্রাথমিক ধাক্কা সামাল দেন অধিনায়ক মিসবাহ উল হক ও হারিস সোহেল। চতুর্থ উইকেট জুটিতে ৪৯ রান যোগ করে তারা। ব্যক্তিগত ২৩ রানে সোহেল ফিরে যাওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি উমর আকমল ও সরফরাজ আহমেদও। ফলে ৬ উইকেট ১২৭ রানে পরিণত হয় পাকিস্তান। উমর ১৩ ও সরফরাজ ৫ রানে ফিরেন।
দ্রুত ৬ উইকেট পড়ে যাওয়ায় অল্প রানে গুটিয়ে যাওয়ার আশঙ্কায় পড়ে পাকিস্তান। কিন্তু অষ্টম ব্যাটসম্যান হিসেবে উইকেটে গিয়ে নিউজিল্যান্ড বোলারদের উপর মারমুখী রূপ ধারণ করেন অলরাউন্ডার শহিদ আফ্রিদি। মাত্র ২১ বলে করেন হাফ-সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৯টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারিতে ২৯ বলে ৬৭ রান করে প্যাভিলিয়নে ফিরেন আফ্রিদি। এই ইনিংসে আফ্রিদির স্ট্রাইক রেট ছিল ২৩১ দশমিক শূন্য তিন। আট নম্বর ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে এটি দ্বিতীয় সর্বাধিক স্ট্রাইক রেট।
আফ্রিদি ছাড়াও হাফ-সেঞ্চুরির দেখা পেয়েছেন মিসবাহ। ৮৭ বলে ৫৮ রান করেন তিনি। তারপরও ২৭ বল বাকি রেখেই ২১০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। নিউজিল্যান্ডের পক্ষে ২৬ রানে ৩ উইকেট শিকার করেছেন গ্রান্ট ইলিয়ট।
জয়ের জন্য ২১১ রানে লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৩১ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ১৭ রান করে ফিরে যান। তবে দলকে জয়ের পথে ভালোভাবেই রেখেছিলেন মার্টিন গাপটিল ও টম লাথাম। দু’জনের কাছ থেকে দল পায় ছোট ছোট দুটি ইনিংস। গাপটিল ৩৯ ও লাথাম ২৩ রানে ফিরে যান।
এই দুই ব্যাটসম্যানের বিদায়ের পর চতুর্থ উইকেটে জুটি বাঁধেন রস টেইলর ও ইলিয়ট। শেষ পর্যন্ত এই জুটির উপর ভর করেই জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। এই জুটি অনবদ্য ১১২ রান করেন। টেইলর ৮১ বলে ৫৯ ও ইলিয়ট ৬৮ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। ম্যাচের সেরা হয়েছেন ইলিয়ট। আগামী ৩ ফেব্রুয়ারি নেপিয়ারে অনুষ্ঠিত হবে সিরিজে দ্বিতীয় ও শেষ ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান : ২১০/১০, ৪৫.৩ ওভার (আফ্রিদি ৬৭, মিসবাহ ৫৮, ইলিয়ট ৩/২৬)।
নিউজিল্যান্ড : ২১৩/৩, ৩৯.৩ ওভার (ইলিয়ট ৬৪*, টেইলর ৫৯*, আফ্রিদি ১/৩৯)।
ফল : নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী।
সিরিজ : দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।
ম্যান অব দ্য ম্যাচ : গ্র্যান্ট ইলিয়ট (নিউজিল্যান্ড)।
খবর বাসসের।
