নড়ে ওঠা সেই নবজাতকের মৃত্যু

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৫, ১৫:৩১
 
দাফনের আগে গোসলের সময় নড়ে ওঠা সেই নবজাতক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রবিবার কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে নবজাতকের বাবা কেরানীগঞ্জের চুনকুঠিয়া গ্রামের জাহাঙ্গীর আলম জানিয়েছিলেন, অন্তঃসত্ত্বা স্ত্রী সুলতানা আক্তারকে শুক্রবার রাত ১০টায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। এর এক ঘণ্টা পরই পুত্রসন্তানের জন্ম দেন সুলতানা। নাম রাখেন সোবহান।
জাহাঙ্গীর বলেন, শিশুটি নির্দিষ্ট সময়ের আগেই ভূমিষ্ঠ হয়েছে। তাই তার ওজন হয়েছে এক কিলো ২০০ গ্রাম। তার শরীরও অত্যন্ত দুর্বল। সোবহানকে ২১১ নম্বর নবজাতক ওয়ার্ডে রাখা হয়। সেখানে তার নানি হনুফা বেগমের কাছে ছিল সে। শুক্রবার সকাল নয়টার দিকে সোবহান নড়াচড়া করছিল না বলে বিষয়টি চিকিত্সককে জানানো হয়। চিকিত্সক পরীক্ষা করে তার ডেথ সার্টিফিকেট লিখে দেন। সোবহানকে দাফন করার জন্য আজিমপুর কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানকার অফিস সহকারী নুরুল হুদা শিশুটিকে গোসল করাতে গেলে সে নড়াচড়া করে ওঠে। আবার তাকে নিয়ে আসা হয় ঢামেক হাসপাতালে। সেখানে ভেন্টিলেটরে রেখে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেয়া হচ্ছিল।