ডিএসইর লেনদেন ২০০ কোটি টাকার নিচে

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:৩২
 
 
 
 
এক মাস পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ২০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ১৮৪ কোটি টাকা। এই লেনদেন গত ২৩ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২৯ ডিসেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিল ১৮৯ কোটি টাকা। বাজার বিশ্লেষকরা বলছেন—রাজনৈতিক অস্থিরতায় আস্থাহীনতার প্রভাবে দিনের পর দিন শেয়ারদর কমতে কমতে তলানিতে নেমে এসেছে। সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।
তথ্যে দেখা গেছে—রবিবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৩ পয়েন্ট কমে ৪ হাজার ৭২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্যসূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৭৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২০৬ কোটি ৫৭ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ২৯ কোটি ২৯ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ২২১ পয়েন্ট কমে ১৪ হাজার ২০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১৫ কোটি ৯৪ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ২ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের।