বেনজেমার জোড়া গোলে রিয়ালের সহজ জয়

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:০৪
 
 
করিম বেনজেমার জোড়া গোলে রিয়াল সোসিয়েদাদ বাধা পেরোলো রিয়াল মাদ্রিদ। রোনাল্ডোকে ছাড়াই শনিবার ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে ৪-১ গোলের জয়ে পেয়েছে তারা। এছাড়াও দলের পক্ষে হামেস রদ্রিগেস ও সের্হিও রামোস একটি করে গোল করেছেন।
 
প্রথম মিনিটেই স্বাগতিকদের জালে বল পাঠিয়ে চমকে দিয়েছিল সোসিয়েদাদ। রুবেন পেদ্রোর কর্নার থেকে চমত্কার হেডে গোল করেন এলুসতোন্দো। তবে এগিয়ে যাওয়ার স্বস্তি বেশিক্ষণ থাকেনি লিগে দুই দলের আগের দেখায় ৪-২ গোলে জেতা সোসিয়েদাদ শিবিরে। তৃতীয় মিনিটেই খেলায় সমতা ফেরান রদ্রিগেস। মার্সেলোর দারুণ ক্রস জালে পাঠান কলম্বিয়ার এই প্লেমেকার। ২০তম মিনিটে বেনজেমার একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন সোসিয়েদাদ গোলরক্ষক। ৩৭তম মিনিটে ফরাসি স্ট্রাইকারকে আবার হতাশ করেন তিনি। এবার পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি তিনি; সেই সুযোগে দলকে এগিয়ে নেন রামোস।
 
দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই তৃতীয় গোলটি পেয়ে যায় কার্লো আনচেলোত্তির দল। ৫২তম মিনিটে বেলকে বল দিয়ে গোল মুখের দিকে ক্ষিপ্র গতিতে এগিয়ে যান বেনজেমা; গোলরক্ষককে এগিয়ে আসতে দেখে বেল বল ফিরিয়ে দেন ফরাসি স্ট্রাইকারকে। ফাঁকা জালে বল পাঠিয়ে দলের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন বেনজেমা। ৭৬তম মিনিটে আবার লক্ষ্যভেদ করেন বেনজেমা।
 

লা লিগার এ মৌসুমের প্রথমার্ধে রিয়াল, আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনাকে হারানোর কৃতিত্ব দেখিয়েছিল সোসিয়েদাদ। তবে নিজেদের মাঠে মধুর প্রতিশোধই নিল রিয়াল।