আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হওয়া বিশ্বকাপ ক্রিকেটের মাধ্যমে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হতে যাচ্ছে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের। উদ্বোধনের পরদিন ভারত-পাকিস্তান ম্যাচে ধারাভাষ্য দেবেন তিনি।
সেদিন কমেন্ট্রি বক্সে কপিল দেব, শোয়েব আখতার ও হার্শা ভোগলে অমিতাভের সাথে ধারাভাষ্যে সঙ্গ দেবেন। বলা হচ্ছে বিগ বি তার পরবর্তী ছবি 'শামিতাভ' এর প্রচারণার অংশ হিসেবে ধারাভাষ্যকার হিসেবে তাকে দেখতে পাবেন দর্শকরা। ছবিটি ৬ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে।
আর বাল্কি পরিচালিত ছবিটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউড অভিষেক হচ্ছে প্রখ্যাত অভিনেতা কমল হাসানের মেয়ে অক্ষরা হাসানের। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন ধানুশ, রেখা প্রমুখ।
ধারাভাষ্যকার হিসেবে অমিতাভের মন্তব্য করতে গিয়ে 'শামিতাভ' এর পরিচালক আর বাল্কি জানিয়েছেন, আর অনেকের মত আমিও মনে করি এমন কোনকিছুই নেই যা অমিতাভ বচ্চনের ভরাট কণ্ঠস্বরের পক্ষে অসম্ভব। এর আগেও তিনি অনেক চলচ্চিত্র ও ডকুমেন্টারিতে কণ্ঠ দিয়েছেন। এখন পর্যন্ত তার কণ্ঠে শুধু ক্রিকেট ধারাভাষ্য বাকি ছিল। এবার সেটাও পূর্ণ হচ্ছে।'
অমিতাভ তার প্রতিক্রিয়ায় বলেছেন, আমাদের দেশের মানুষের আবেগ পরিচালিত হয় দুটি জিনিসে, একটি ক্রিকেট আর অপরটি সিনেমা। দুদিক থেকেই উত্তেজনাকর মুহূর্ত অপেক্ষা করছে আমার সামনে।' সূত্র: বলিউড লাইফ
