টানা চারদিন পুঁজিবাজারের সূচক কমেছে

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:১৭

টানা চার কর্মদিবস ধরে পুঁজিবাজারের সূচক কমছে। এই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক কমেছে ১৩৯ পয়েন্ট। লেনদেন হচ্ছে প্রত্যাশার তুলনায় অনেক কম। তবে সোমবার ডিএসইতে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। লেনদেনের শীর্ষৈ উঠে এসেছে বড় মূলধনী কোম্পানিগুলো।
ডিএসই’র তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সোমবার ডিএসই’র শীর্ষ দর বৃদ্ধির তালিকায় চারটি মিউচুয়াল ফান্ড উঠে এসেছে। সবচেয়ে বেশি দর বেড়েছে এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ডের। এই ফান্ডের দর বেড়েছে ৭ দশমিক ৮৪ শতাংশ। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ড। এই ফান্ডের দর বেড়েছে ২ দশমিক ৮১ শতাংশ। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা দুটি মিউচুয়াল ফান্ড হলো গ্রীণডেল্টা এবং এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
দিনের শুরুতে ডিএসই’র সার্বিক সূচক ৮০ পয়েন্টেরও বেশি কমে যায়। পরবর্তীতে কিছুটা উঠে আসে। তথ্যে দেখা গেছে, শেষ পর্যন্ত ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩৬ পয়েন্ট কমে ৪ হাজার ৬১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্য সূচক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ৭০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৬ কোটি ৯৪ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৪২ কোটি ২৬ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৯১ পয়েন্ট কমে ১৪ হাজার ১১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১৮ কোটি ৭৮ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৩ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৪১টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৬২টির কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের।
প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন হওয়া ইফাদ অটোস লিমিটেডের লেনদেন আগামী বৃহস্পতিবার থেকে দেশের উভয় শেয়ারবাজারে শুরু হবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য লটারির ড্র গত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ইফাদ অটোস শেয়ারবাজার থেকে ৬৩ কোটি ৭৫ লাখ টাকা উত্তোলনের জন্য ২ কোটি ১২ লাখ ৫০ হাজার শেয়ার ছেড়েছে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। ২০০টি শেয়ারে মার্কেট লট। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানির ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করা হবে।