‘ভারত-পাকিস্তান ম্যাচ বিশ্বকাপের চেয়েও বেশি’

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৫, ২১:০১
 
 
লড়াইয়ের নাম ভারত বনাম পাকিস্তান বলেই এটা উত্তাপ ছড়াবে। আর তা যদি হয় বিশ্বকাপে তাহলে তো কথাই নেই! খেলার মাঠ ছাড়িয়ে উত্তেজনা ছড়িয়ে পড়বে সর্বত্র। কেননা এটি শুধু একটা খেলাই নয়, মর্যাদার লড়াইও। ভারত-পাকিস্তানের ম্যাচ তাই অনেকের কাছে বিশ্বকাপের চেয়েও বড় কিছু। ১৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার অ্যাডেলাইডে বিশ্বকাপের ‘বি’ গ্রুপে দলদুটির মুখোমুখি হওয়ার আগে এমনটিই জানিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার।
 
বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তানের মধ্যকার খেলাটির টিকেট ২০ মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গিয়েছিল। খেলাটির দিন ভারত-পাকিস্তান যে অপরিসীম চাপে থাকবে ক্রীড়া বিশ্বে আর কোনো দলকে এতটা দুর্ভাবনায় থাকতে হবে না। এর কারণ চিরপ্রতিদ্বন্দ্বী দল দু’টির লড়াই বলে বলে নজর রাখবে ১৩০ কোটির মতো ক্রিকেট পাগল সমর্থক।
দক্ষিণ এশিয়ার এ দুটি দেশ প্রতিবার মুখোমুখি হলেই আবেগের আতিশায্য ঘটে। কেননা প্রতিবেশী দেশ দু’টি স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত তিনবার যুদ্ধের ময়দানেও মুখোমুখি হয়েছে এবং কাশ্মীরের মালিকানার দাবি নিয়ে তাদের মধ্যে সবসময়ই শীতল সম্পর্ক বিরাজ করছে। এরই একটা রেশ থাকে ক্রিকেট মাঠেও। 
বিশ্বকাপের ১৯৯২ আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান অবশ্য রাজসূয়া আসরটিতে কখনোই দুবারের জয়ী ভারতকে হারাতে পারেনি। দেশ দু’টির এমন অনেক ভক্ত আছেন যারা বিশ্বকাপ থেকে নিজ দলের আগাম বিদায়েও তেমন কিছু মনে করেন না, যদি তারা প্রতিবেশীদের হারিয়ে দিতে পারে।