পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:৫১
 
 
 
 
টানা কয়েক দিনের দরপতনে পুঁজিবাজারের বেশির ভাগ শেয়ারের দাম কমে যাওয়ায় এ শেয়ারগুলো কেনার আগ্রহ দেখা যাচ্ছে বিনিয়োগকারীদের মধ্যে। তাই বুধবার বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে—আশাবাদী বিনিয়োগকারীদের মধ্যে অবমূল্যায়িত শেয়ারগুলো কেনার আগ্রহ দেখা গেছে। এতে শেয়ারবাজারের সূচক ও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। দরবৃদ্ধিতে এগিয়ে ছিল ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের কোম্পানিগুলো। এ খাতের শেয়ারগুলোর দর বেড়েছে প্রায় সাড়ে ৩ শতাংশ।
তথ্যে দেখা গেছে, বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্য সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২০৩ কোটি ৭৯ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৯ কোটি ২৭ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির শেয়ারের। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৫০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১৫ কোটি ৫৫ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ২ কোটি টাকা কম। লেনদেনকৃত ২২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ারের।