বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের সেমি-ফাইনালে শুক্রবার ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন থাইল্যান্ডের মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানার্সআপ স্বাগতিক বাংলাদেশ। বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
নকআউট পর্বের এই ম্যাচটিকে ঘিরে টান টান উত্তেজনা বিরাজ করছে স্বাগতিক বাংলাদেশ শিবিরের দর্শক-সমর্থক থেকে শুরু করে কর্মকর্তা ও খেলোয়াড়দের মধ্যে। ইতোমধ্যে সেমি-ফাইনালে খেলার লক্ষ্য পূর্ণ করলেও দীর্ঘদিন পর আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা জয়ের মাধ্যমে দেশের ফুটবল অঙ্গনের সোনালী অতীত ফিরিয়ে আনতে চায় স্বাগতিক খেলোয়াড়রা। এজন্য দেশবাসীকে নতুন করে টুর্নামেন্টের ফাইনালে খেলার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাগতিক অধিনায়ক মামুনুল।
আজ বৃহস্পতিবার স্থানীয় একটি হোটেলে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মামুনুল বললেন, ‘সেমি-ফাইনালে পৌঁছানোর মাধ্যমে দল বাফুফে সভাপতিকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করেছে। এখন দেশবাসীকে প্রতিশ্রুতি দিচ্ছি ফাইনালে খেলার। তাই আমরা খেলোয়াড়রা এখন ফাইনালে পৌঁছানোর লক্ষ্য স্থির করেছি। কারণ আমরা স্বাগতিক দল। ফাইনালে খেলার জন্য সবাই ফিট আছি। লক্ষ্য পূরণের জন্য কোচের অধীনে আমরা অনুশীলনও সেভাবেই করেছি। এখন একমাত্র লক্ষ্য কাল যেন ভালভাবে খেলতে পারি। কারণ ফাইনালে খেলার জন্য খেলোয়াড়রা মুখিয়ে রয়েছে।’
