৫০ ওভারের ম্যাচে ট্রিপল সেঞ্চুরির দানবীয় ইনিংস খেলে সাড়া ফেলেছে লালমনিরহাটের মোস্তাফিজুর রহমান লিপু। শুক্রবার ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় লিপু তার নিজ স্কুল, লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের পক্ষে খেলতে নেমে ৩২৫ রান করে এই রেকর্ড গড়ে। বাংলাদেশের কোন ব্যাটসম্যান এর আগে কখনো এত রান করতে পারেনি।
লালমনিরহাটের শেখ কামাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। লালমনিরহাট ক্রিকেট একাডেমির খেলোয়াড় লিপু বাংলাদেশ অনূর্ধ্ব দলেরও একজন সদস্য।
এক ইনিংসে অবিশ্বাস্য ৩২৫ রান সংগ্রহ করতে সে ৩৫টি চার ও ১৯টি ছয়ের মার মারে। ম্যাচে ৯ উইকেটে ৫১৫ রান করে লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়। জবাবে স্থানীয় গিয়াস উদ্দিন উচ্চবিদ্যালয় সবকয়টি উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করলে ৩৯৮ রানে পরাজিত হয়।
লিপু ছাড়াও আট ব্যাটসম্যান সীমিত ওভারে ট্রিপল সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটে। ২০০৮-০৯ মৌসুমে ভারতের সেন্ট জনস চার্চ জুনিয়র কলেজের নিখিলেশ ৩৩৪ রানের ইনিংস খেলেন এবং ২০১২ সালে টটন সেকেন্ড ডিভিশনের ডেভিড টেলর খেলেন ৩৩০ রানের ইনিংস। হিসেব মতে এরপরই লিপুর এই ইনিংসটির অবস্থান।
