ইংল্যান্ডের প্রধান তিন ব্যাটসম্যান জস বাটলার, গ্যারি ব্যালেন্স এবং মঈন আলির মতে শ্রীলংকার পেসার লাসিথ মালিঙ্গা সেরা ডেথ বোলার। তিন ব্যাটসম্যানের মতেই এ যাবত তাদের মোকাবেলা করা সেরা ডেথ বোলার মালিঙ্গা।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকিনফোকে শনিবার বাটলার বলেন, ‘তিনি (মালিঙ্গা) একদম ভিতরে প্রবেশ করেন। খুব ভাল ইয়র্কার দেন তিনি। এটা খেলা খুবই কঠিন।’ বাটলার বলেন, ‘মালিঙ্গার সঠিক ইয়র্কারের বিপক্ষে শেষ অস্ত্র হিসেবে তিনি স্কুপ শট খেলতে চেষ্টা করবেন।’
স্লগ ওভারে কোন বোলারকে খেলা সবচেয়ে কঠিন প্রশ্নের জবাবে ব্যালেন্সও বিশেষ অ্যাকশনের জন্য পরিচিত ডান হাতি পেসার মালিঙ্গার কথা বলেন। ব্যালেন্স বলেন, ‘সম্ভবত মালিঙ্গা। তার বল আমি খুব বেশি মোকাবেলা করিনি তবে যতটুকু করেছি, তার বলে সর্ব প্রকার ভিন্নতা আছে। আমরা যে বল মোকাবেলায় অভ্যস্ত তা থেকে তিনি অনেক বেশি ভিন্ন ধর্মী।’
বিশ্বকাপে ইংল্যান্ডের সম্ভাব্য ইনিংস ওপেন করতে নামা অলরাউন্ডার মঈন আলি বলেন, ‘ডেথ বোলিংয়ের বিবেচনায় অন্য বোলারদের চেয়ে অনেক এগিয়ে মালিঙ্গা।’
