জীবননগর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৫, ১৪:১১
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দুইটি সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে প্রায় ঘন্টাব্যাপী এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিকেলে উপজেলা সীমান্তের নবদুর্গাপুরে ৬২/৯-এস পিলারের অদূরে অনুষ্ঠিত পতাকা বৈঠকে চুাডাঙ্গা-৬ বিজিবির বেনীপুর বিওপি কমান্ডার হাবিলদার মোজাম্মেল হক ও বিএসএফের পক্ষে ভারতের ১৭৩ ব্যাটালিয়নের পুটিখালী ক্যাম্প কমান্ডার এসআই নরেন্দ্র প্রসাদ নেতৃত্ব প্রদান করেন। অপর দিকে একই দিন বিকেলে হরিহরনগরে অনুষ্ঠিত পতাকা বৈঠকে মেদিনীপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম ও বিএসএফের পক্ষে পুটিখালী ক্যাম্প কমান্ডার এসআই নরেন্দ্র প্রসাদ নেতৃত্ব প্রদান করেন। পতাকা বৈঠকে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান সাংবাদিকদের নিশ্চিত করেছেন।