শেষ প্রস্তুতি ম্যাচেও হারল বাংলাদেশ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:৩৪
 
 
বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচেও পরাজয়ই সঙ্গী হলো বাংলাদেশের। পাকিস্তানের কাছে ৩ উইকেটে হেরেছে মাশরাফিরা। তবে এবার জয় পেতে পাকিস্তানকেও ভালোই বেগ পোহাতে হয়েছে।
 
সোমবার সিডনির ব্ল্যাকটাউন অলিম্পিক পার্ক ওভালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১ বল বাকি থাকতেই ২৪৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ৩ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
 
ব্যাট করতে নেমে প্রথম ওভারের শেষ বলে সোহেল খানের বলে মাকসুদের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক। আউট হওয়ার আগে ব্যক্তিগত খাতায় কোনো রান যোগ করতে ব্যর্থ হন এই ব্যাটসম্যান। দলীয় ১৬ রানের মাথায় মুমিনুলকেও হারায় বাংলাদেশ। ইরফানের বলে হারিস সোহেলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। তৃতীয় উইকেটে শতরানের জুটিতে প্রতিরোধ গড়েন মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। ৩৩ ওভার খেলে ১৬৮ রান সংগ্রহ করে এই জুটি। দলীয় ১৮৪ রানের মাথায় রান আউট হন মাহমুদুল্লাহ। পরে দলীয় স্কোরে মাত্র ৬ রান যোগ হতেই তামিমকেও হারায় টাইগাররা। পরপর তামিম (৮১) ও মুশফিকুর রহিমকে (০) ফিরিয়ে বাংলাদেশকে চাপে ফেলেন ইয়াসির শাহ। এরপর সাকিব আল হাসান (৩১) ও সৌম্য সরকার (১৫) ছাড়া আর কেউ ভালো করতে না পারায় সংগ্রহ খুব একটা বড় হয়নি মাশরাফিদের।
 
৫২ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার মোহাম্মদ ইরফান। শেষ ওভারেই তিন উইকেট নেন এই দীর্ঘদেহী পেসার। লেগস্পিনার ইয়াসির ৪২ রানে নেন ২ উইকেট।
 

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারায় পাকিস্তান। সরফরাজ আহমেদকে এনামুলের ক্যাচে পরিণত করেন রুবেল। এরপর আহমেদ শেহজাদকে ফেরান মাশরাফি। তৃতীয় উইকেটে ইউনুস খানকে নিয়ে প্রতিরোধ গড়েন হারিস সোহেল। ইউনুসকে সাকিব আল হাসনের ক্যাচে পরিণত করে ৪৪ রানের জুটি ভাঙেন তাসকিন আহমেদ। চতুর্থ উইকেটে শোয়েব মাকসুদের সঙ্গে হারিসের ৫১ রানের জুটি ভাঙেন মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহর বলে তাসকিনের হাতে ধরা পড়েন ৩৯ রান করা হারিস। উমর আকমলের সঙ্গে মাকসুদের ৬৩ রানের জুটি ভাঙেন মাশরাফি। তার বলে মুশফিকুর রহিমকে ক্যাচ দেন আকমল (৩৯)। মিসবাহ-উল-হককে বোল্ড করে নিজের দ্বিতীয় উইকেট নেন তাসকিন।