বিশ্বকাপকে সামনে রেখে সোমবার অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দক্ষিন আফ্রিকা ৫ উইকেটে শ্রীলংকাকে এবং ইংল্যান্ড ৯ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে।
একই দিন অনুষ্ঠিত আরেক ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে নিউজিল্যান্ডকে পরাজয়ের হাত থেকে রক্ষা করেছে গাপটিলের ব্যাটিং এবং বৃষ্টি। কোন ফলাফল ছাড়াই পরিত্যক্ত হয়েছে ম্যাচটি। এল্টন চিগুমবুরা ২১ রানে এবং পানিয়াংগারা ২৮ রান দিয়ে দুটি উইকেট করে উইকেট নেয়ায় গাপটিলের ৮৬ বলে সেঞ্চুরি সত্ত্বেও ১৫৭ রানে ৭ উইকেট হারিয়ে বসে কিউইরা। এ সময় অর্থাত্ ৩০.১ ওভারে ম্যাচটি পৌঁছানের পর শুরু হয় প্রবল বর্ষণ সেখানে।
এদিকে শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচেও ছিল বৃষ্টির বাধা। তবে ফলাফলের মুখ দেখেছে এই ম্যাচ। দিলশানের সেঞ্চুরি সত্ত্বেও হারতে হয়েছে শ্রীলংকাকে। বৃষ্টির কারণে ৪৪.৪ ওভারে ম্যাচটি থামিয়ে দেয়ার আগে ৭ উইকেটে ২৭৯ রান সংগ্রহ করে শ্রীলংকা। জবাবে ম্যাচ জয়ের জন্য প্রোটিয়াসদের সামনে লক্ষ্য নির্ধারিত হয় ২৫ ওভারে ১৮৮ রান। কুইন্টন ডি ককের ৬৬ ও হাসিম আমলার ৪৬ রানে ভর করে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় আফ্রিকানরা।
অন্যদিকে সিডনিতে অনুষ্ঠিত অনুশীলন ম্যাচে সিমার ক্রিস ওয়কেসের বোলিং তোপে ২৯.৩ ওভারে ১২২ রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়দের ইনিংস; ওকস ১৯ রানে নেন ৫ উইকেট। জবাবে ২২.৫ ওভারে একটি মাত্র উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। -বাসস
