রিয়াল থেকে ১ পয়েন্ট দূরে বার্সা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৫, ২১:০৬
 
 
লিওনেল মেসি অনুপ্রাণিত বার্সেলোনা অ্যাথলেটিকো বিলবাওয়ের মাঠে ৫-২ গোলে জিতে লা লিগার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সাথে এক পয়েন্টের ব্যবধানে এসে দাঁড়ালো। আর্জেন্টাইন অধিনায়ক রবিবারের এ খেলায় নিজে এক গোল করেন। পাশাপাশি সতীর্থদের দিয়ে আরো চারটি গোল করান।
 
ম্যাচের ১৫তম মিনিটে ফ্রি কিক থেকে দলকে এগিয়ে দেন মেসি। এরপরই লুই সুয়ারেজের গোলে খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় কাতালান ক্লাবটি। বিরতির পর রিকো মোরেনোর গোল বিলবাওকে খেলায় ফেরানোর চেষ্টা করলেও তা ছিল ক্ষণস্থায়ী। কেননা বার্সেলোনা আবারো এগিয়ে যায় অস্কার ডি মার্কোসের আত্নঘাতী গোলে। ৬৪ মিনিটে নেইমারের গোলে শিরোপা প্রত্যাশী বার্সেলোনার ব্যবধান দাঁড়ায় ৪-১। স্বাগতিক স্ট্রাইকার আরিটজ ব্যবধান কমিয়ে ৪-২ করলেও তা কোনো কাজে আসেনি। ৮৬ মিনিটে পেড্রোর গোল বিলবাওয়ের জন্য আর কোনো আশাই অবশিষ্ট রাখেনি। শুধু তাই নয়, সরাসরি গোলরক্ষকের হাতে তুলে না দিলে নেইমার আরো একটি গোলের দেখা পেতে পারতেন।
  
সুয়ারেজকে ফাউলের কারণে অ্যাথলেটিক ডিফেন্ডার জাভিয়ের বহিষ্কৃত হন। তবে ১১ জন নিয়েও স্বাগতিকদের কখনো মনে হয়নি যে বার্সেলোনার অনায়াস জয়ে হুমকি হয়ে উঠছিল।
 
কোচ লুই এনরিখের দলকে এক মাস আগেও মনে হয়েছিল ‘সমস্যার’ মধ্যে আছে। বিশেষ করে রিয়াল সোসিয়েদাদের সাথে অপ্রত্যাশিত হারটির পর গণমাধ্যমে চাউর হয়েছিল যে মেসি ও কোচের মধ্যে সমস্যা চলছিল। কোচের পারফর্মেন্সকেও খতিয়ে দেখা হচ্ছিল ওই সময়। কিন্তু কাতালান ক্লাবটি তাদের সর্বশেষ পাঁচ খেলায় (সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে নয়টি) জয়ের সুবাদে ‘সমস্যাকে’ চাপা দিয়ে এখন রিয়ালের সাথে শিরোপা লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে।
 
অবশ্য সেজন্য বর্তমান চ্যাম্পিয়ন অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে রিয়ালের বিষ্ময়কর চার গোলের হারটিও অনুঘটক হিসেবে কাজ করে। এদিকে দিনের অপর ম্যাচে গেতাফের কাছে সেভিয়া ২-১ গোলে পরাজিত হওয়ায় ভ্যালেন্সিয়া টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে। তার জন্য অবশ্য তারা এস্পানেয়লকে একই ব্যবধানে পরাজিত করেছে।