অবশেষে জয় পেল ভারত

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:০২
 
 
অবশেষে পরাজয়ের বৃত্ত থেকে বের হলো ভারত। দীর্ঘ দুই মাস ধরে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে শুধু হারই দেখেছে ধোনি ও কোহলির নেতৃত্বাধীন দলটি। অবশেষে অপেক্ষাকৃত অনেক দুর্বল প্রতিপক্ষ আফগানিস্তানকে হারিয়ে হলেও একটি জয় নিয়েই বিশ্বকাপের মূল আসরে খেলতে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
রোহিত শর্মার শতকে ১৫৩ রানের বড় ব্যবধানে হেরেছে আফগানিস্তান। মঙ্গলবার অ্যাডিলেইড ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩৬৪ রান করে ভারত। জবাবে ৮ উইকেটে ২১১ রানে থেমে যায় আফগানিস্তানের ইনিংস।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খারাপ হয়নি আফগানিস্তানের। নওরোজ মঙ্গলের ৬০ ও উসমান গনির ৪৪ রানের সুবাদে এক সময়ে তাদের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৫৩ রান। এই দুই ব্যাটসম্যানই সহজ ক্যাচ দিয়েই বেঁচে যান। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি তারা। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় ব্যবধানে হার এড়াতে পারেনি তারা। ভারতের মোহিত শর্মা ও রবিন্দ্র জাদেজা দুটি করে উইকেট নেন।
এর আগে হামিদ হাসান ও দৌলত জাদরানের দাপটে শুরুটা ভালো হয়নি ভারতের। হাসানের বলে বোল্ড হয়ে যান চার রান করা শিখর ধাওয়ান। বিরাট কোহলিকে (৫) উইকেটরক্ষকের গ্লাভসবন্দি করেন দৌলত। দ্রুত উইকেট পড়ায় বিশ্বকাপের আগে ব্যাটিং অনুশীলনের সুযোগ পেয়েছিলেন কোহলি। কিন্তু দৌলতের আউটসুইঙ্গারে সহজ ক্যাচ দিয়ে তা কাজে লাগাতে পারেননি।  
১৬ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়া ভারত শিবিরে স্বস্তি ফেরানোর কৃতিত্ব রোহিত ও সুরেশ রায়নার। তৃতীয় উইকেটে ১৫৮ রানের জুটি গড়েন এই দুই জনে। চতুর্থ উইকেটে অজিঙ্কা রাহানের সঙ্গে ৯৫ রানের আরেকটি চমত্কার জুটি উপহার দেন রোহিত। মোহাম্মদ নবির শিকারে পরিণত হওয়ার আগে ১৫০ রান করেন রোহিত। তার ১২২ বলের ইনিংসটি ১২টি চার ও ৭টি ছক্কা সমৃদ্ধ। এরপর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (১০) দ্রুত ফিরে গেলেও রবিন্দ্র জাদেজাকে নিয়ে দলের সংগ্রহ সাড়ে তিনশ’ পার করেন রাহানে। জাদেজা ১১ ও রাহানে ৮৮ রানে অপরাজিত থাকেন। তার ৬১ বলের আক্রমণাত্মক ইনিংসটি গড়া ১২টি চার ও ২টি ছক্কায়। সূত্র: ওয়েবসাইট।