প্রবীণ সাংবাদিক আমিনুল হক বাদশা আর নেই

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৫, ২৩:৩২
 
বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিক আমিনুল হক বাদশা ইন্তেকাল করেছেন। তিনি সোমবার লন্ডন স্থানীয় সময়ে রাত সাড়ে ১১ টায় কেন্টের অরপিংটন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লন্ডনে বাংলাদেশি কমিউনিটির কাছে তিনি ছিলেন ‘বাদশা ভাই’ নামে পরিচিত। সকলের কাছেই তিনি ছিলেন একজন প্রিয় মানুষ। মৃত্যুকালে  তার বয়স হয়েছিল ৭০ বছর।
তিনি স্ত্রী, এক পুত্র এবং এক কন্যা সন্তান রেখে গেছেন। তারা সকলে্ লন্ডনের বাসিন্দা। তিনি বেশ কিছু দিন যাবত্ বার্ধক্যজনিত নানা জটিলতায় অসুস্থ হয়ে হাসপাতালে শয্যাসায়ী ছিলেন।
তার মরদেহ কোথায় কখন দাফন দেয়া হবে তা এখনো পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তবে প্রথম জানাজা পূর্ব লন্ডনের ব্রিকলেনে অনুষ্ঠিত হবে বলে তার পারিবারিক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছেন।
অবশ্য এর আগে বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশ হয় যে  আমিনুল হকের লাশ নিয়ে ঢাকায় আসছেন আবদুল গাফফার চৌধুরী। তবে আবদুল গাফফার চৌধুরী  ইত্তেফাককে বলেছেন, এ খবর সত্য নয়। আমার শারীরিক অসুস্থতার জন্য ঢাকায় যাওয়া সম্ভব হবে না।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, লন্ডন প্রবাসী প্রবীণ সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী, লন্ডন থেকে প্রাশিত সাপ্তাহিক পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মাদ বেলাল আহমেদ, সম্পাদক ও লন্ডন বাংলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মাদ এমাদুল হক আহমেদ চৌধুরী প্রমুখ।