ইংল্যান্ডের বিপক্ষে শনিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অনুশীলন ম্যাচে নিজেকে ফিরে পেলেও তাকে নিয়ে তাড়াহুড়া করতে চাচ্ছে নানা দলীয় ব্যবস্থাপনা, এমনটাই নিশ্চিত করেছেন স্বাগতিক কোচ ড্যারেন লেহম্যান।
আর তাই ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তার অনুপস্থিতির বিষয়টি কোচ নিশ্চিত করেছেন। তবে সাত দিন পরে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ক্লার্কের ফিরে আসার ব্যপারে আশাবাদী মনোভাব ব্যক্ত করেছেন।
এ সম্পর্কে লেহম্যান বলেছেন, সে যেভাবে আবারো ম্যাচে ফিরে এসেছে এতে তার উন্নতি নিয়ে আমরা দারুণ খুশি। কিন্তু আমরা নিজেদের পরিকল্পনায় অটল রয়েছি, এ কারণেই সে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে। যেভাবে সে অনুশীলন ম্যাচে ব্যাটিং, ফিল্ডিং, বোলিং এবং রানিং করেছে তাতে আমি সন্তুষ্ট। এখন একটি সপ্তাহ পুরো বিশ্রামে থাকলে সে পুরোপুরি প্রস্তুত হয়ে উঠতে পারবে।
লেহম্যান বলেছেন, সে খেলার জন্য মুখিয়ে আছে। কিন্তু আমরা তাকে বোঝাতে পেরেছি যখন সে ফিরে আসবে নিজেকে পুরোপুরি প্রস্তুত করেই আসতে পারবে। এ বিষয়ে তার সাথে আলোচনা হয়েছে। সে আমাদের প্রতি সবসময়ই শ্রদ্ধাশীল ছিল। সে এমন একজন খেলোয়াড় যার মধ্যে সব ধরনের গুণাবলী আছে, এমনকি নেতৃত্বেরও। তাকে দলে পাওয়াটা আমাদের জন্য সৌভাগ্যের। আমরা শুধুমাত্র তার শতভাগ ফিটনেসের বিষয়টি নিশ্চিত করতে চাই।
মেলবোর্নের অনুশীলন ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ক্লার্কের ব্যাট থেকে এসেছে ৬৪ রান। কিন্তুএখনো পুরো ফিট হয়ে উঠতে কিছুটা সময় লাগবে বলেই দলের মেডিকেল স্টাফরা বিশ্বাস করেন।
