অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ক্রিকেট দলকে সম্বর্ধনা দিচ্ছে। টাইগাররা দিবারাত্রির ম্যাচে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার মুখোমুখি ২১ ফেব্রুয়ারি। এজন্য তারা ১৮ তারিখ ক্যানবেরায় আফগানিস্তানের সঙ্গে দিবারাত্রির ম্যাচ শেষে ১৯ ফেব্রুয়ারি ব্রিসবেনে পৌঁছাবে। ওইদিন সন্ধ্যায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্রিসবেন (ব্যাব)। এতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন আয়োজকরা। পাপন আফগানিস্তানের খেলা দেখে পরদিন সকালেই ক্যানবেরা থেকে ব্রিসবেনে যাবেন।
জহিরুল ইসলাম জানান, যেদিন থেকে বাংলাদেশ-অস্ট্রেলিয়া’র মধ্যকার ম্যাচের টিকেট অনলাইনে ছাড়া হয়েছে, তার কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ গ্যালারির সব টিকেট বিক্রি হয়ে যায়। সেখান থেকে তারা বাংলাদেশ বা টাইগারদেরকে নিয়ে প্রবাসী বাংলাদেশীদের আগ্রহটা বুঝতে পারেন। ছেলে-বুড়ো সবাই সাগ্রহে এই টিকেট কিনেছেন। আর এই ম্যাচকে ঘিরে ব্রিসবেনে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ভিন্নরকম একটা উন্মাদনা তৈরি হয়েছে। এই আগ্রহের কারণেই তারা টাইগারদেরকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটু সময় কাটানোর এই সুযোগ সৃষ্টি করেছেন বলে তিনি জানান। এই সংবর্ধনা অনুষ্ঠান সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। এতে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে না।
