রাজধানীতে বিভিন্ন এলাকায় বসন্ত বরণ চলছে। রাজনৈতিক সহিংসতার ভেতরেও মানুষের প্রাণের উচ্ছ্বাস দেখা গেছে। অমর একুশে বইমেলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, চারুকলা এবং শাহবাগ এলাকায় তারা মেতেছে বসন্ত বরণে। নারী-পুরুষ, তরুণ-তরুণী, শিশু-কিশোররা সড়ক, রেস্তোরাঁ আর বিভিন্ন ফুলের দোকানে বাসন্তি উচ্ছ্বাসে-আনন্দে মেতে উঠেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় বাহারি পোশাকে মানুষের ভিড় দেখা গেছে।
শুক্রবার সকাল ৭টা থেকে যন্ত্রসঙ্গীতের আবেশে শুরু হয় বকুল তলার বসন্তবরণ। তারুণ্য, নতুন এবং চির সুন্দরের আহ্বানে ফাগুনের প্রথম প্রহরে বসন্ত বন্দনা, বসন্ত কথন, ফুলের প্রীতি বন্ধনী বিনিময়, আবির বিনিময়, বসন্ত আড্ডায় বরণ করে নেয়া হয় ঋতুরাজ বসন্তকে।
বেলা ১১টার দিকে বকুল তলা প্রাঙ্গনে বের হয় শোভাযাত্রা। কী আনন্দ আকাশে বাতাসে গান পরিবেশনের মধ্যদিয়ে শেষ হয় এ শোভাযাত্রা।
এরপর ফের শুরু হয় দেশের গুণী শিল্পীদের গান, কবিতাসহ নানা আয়োজন। বাংলার সংস্কৃতির সবকিছু ফুঠে ওঠে এসব পরিবেশনায়। বয়স, শ্রেণি, পেশা সব কিছু দূরে ঠেলে দিয়ে সবাই যেন এক মঞ্চে। এমনই এক পরিবেশে শেষ হয় প্রথম পর্বের বসন্ত বরণ উৎসব।
আয়োজকদের সূচি অনুসারে চরুকলায় প্রথম পর্বের অনুষ্ঠান চলে দুপুর ১২টা পর্যন্ত। এছাড়াও রাজধানীর বাহাদুর শাহ পার্ক, লক্ষ্মীবাজার, ধানমন্ডির রবীন্দ্র সরোবর মঞ্চ এবং উত্তরার ৩নং সেক্টরের উন্মুক্ত মঞ্চে বসন্ত বরণের নানা আয়োজন করা হয়েছে। দ্বিতীয় পর্বের অনুষ্ঠান চলবে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত।
