শ্রীলংকাকে ৯৮ রানে হারালো নিউজিল্যান্ড

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৫, ১৪:২৭

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকাকে ৯৮ রানের বিশাল ব্যবধানে হারালো নিউজিল্যান্ড। ৩৩২ রানের টার্গেটে খেলতে নেমে ২৩৩ রানে অল আউট হয়ে যায় শ্রীলংকা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন লাহিরু থিরিমানি।


উদ্বোধনী জুটিতে ৬৭ রান তোলেন দিলশান ও থিরিমানি। এরপর অভিজ্ঞ সাঙ্গাকারা এসে থিরিমানির সাথে জুটি বাঁধেন। ১২৪ রানে আউট হন সাঙ্গাকারা। সাঙ্গাকারার বিদায়ের পর ৪৪ রানের ব্যবধানেই আরো চার উইকেট হারিয়ে ১৬৭ রানে ৬ উইকেটের দলে পরিণত হয় শ্রীলংকা। শেষ দিকে কুলসাকারাকে নিয়ে ২৮ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ম্যাথুস। কিন্তু ১৯৬ রানে কুলসাকারা বিদায় নেন। এরপর অধিনায়ক ম্যাথুস ব্যক্তিগত ৪৬ রানে সাজঘরে ফিরলে শ্রীলংকার পরাজয় সময়ের ব্যাপারে পরিণত হয়। শেষ ব্যটসম্যান হিসাবে আউট হন হেরাথ।  নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সাউদি, বোল্ট, মিলনে, ভেটরি ও কোরি এন্ডারসন প্রত্যেকে দুইটি করে উইকেট নেন।


এর আগে নিউজিল্যান্ডের ইনিংসে ম্যাককুলাম ও গাপটিলের উদ্বোধনী জুটিতে শতরানের পর কোরি এন্ডারসন ও উইলিয়ামসনের দায়িত্বশীল ব্যাটিংয়ের কল্যাণে বড় সংগ্রহ পায় কিউইরা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান আসে এন্ডারসনের ব্যাট থেকে। ম্যাককুলাম ৪৯ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন। এছাড়া উইলিয়ামসন করেছেন ৫৭ রান। গাপটিল মাত্র ১ রানের জন্য হাফ সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে নিউজিল্যান্ড ৩৩১ রান করে। শ্রীলংকার বোলারদের মধ্যে সুরাঙ্গা লাকমাল ও জীবন মেন্ডিস নিয়েছেন দুটি করে উইকেট । মালিঙ্গা ১০ ওভারে ৮৪ রান দিয়েছেন । অপর উদ্বোধনী বোলার কুলাসাকারা ৮ ওভারে দিয়েছেন ৭৮ রান।


ক্রাইসচার্চে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় শ্রীলংকা। গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় বিশ্বকাপের সহ আয়োজক নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে দিয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন লংকান অধিনায়ক অ্যাঞ্জেলা ম্যাথুস।