বিশ্বকাপে হ্যাটট্রিকের গৌরব অর্জন করলেন স্টিভেন ফিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসের শেষ তিন বলে তিন উইকেট নেন ইংল্যান্ডের এই পেসার।
নিজের দশম ও ইনিংসের শেষ ওভারের প্রথম তিন বলে ৮ রান দেন ফিন। কিন্তু পরের তিন বলে সাজঘরে ফেরান ব্র্যাড হ্যাডিন, গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল জনসনকে।
শনিবার মেলবোর্নে এই হ্যাটট্রিকের সঙ্গে আরও ২ উইকেট নেন ফিন। সব মিলে ৭১ রান দিয়ে অস্ট্রেলিয়ার ৫ ব্যাটসম্যানকে আউট করেন তিনি।
বিশ্বকাপে এর আগে ৬ জন বোলার ৭টি হ্যাটট্রিক করেন। ১৯৮৭ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচে বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকের রেকর্ড গড়েন ভারতের চেতন শর্মা।
শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা বিশ্বকাপে দুটি হ্যাটট্রিক করেন- ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকায়, আর ২০১১ সালে কেনিয়ায়।
২০১১ বিশ্বকাপে আরও একটি হ্যাটট্রিক হয়, নেদারল্যান্ডসের বিপক্ষে সেটি করেন
ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ।
বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে একমাত্র হ্যাটট্রিকটি করেন শ্রীলঙ্কার চামিন্দা ভাস। এটি তিনি করেছিলেন ২০০৩ সালে। একই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ব্রেট লি হ্যাটট্রিক করেন কেনিয়ার বিপক্ষে। পাকিস্তানের স্পিনার সাকলাইন মুশতাকও হ্যাটট্রিক করেন বিশ্বকাপে।
