পরাজয়ের রেকর্ডই শক্তি জোগাচ্ছে মিসবাহদের

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:৩৯
 
 
এ যাবত্কালে ভারতের বিপক্ষে বিশ্বকাপের লড়াইয়ে জয় পায়নি ভারত। পাঁচবারের লড়াইয়ে সবগুলোতেই জয় পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশটি। এখন সেই পরাজয়ের রেকর্ডকেই শক্তি হিসেবে দেখছেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল হক। তরুণ সতীর্থদের সাহস জোগাতে গিয়ে তিনি বললেন, ‘ভারতের বিপক্ষে বিশ্বকাপে আমরা কখনোই জয় পায়নি, এটাই আমাদের উত্সাহ যোগাবে। আমাদের হারানোর কিছু নেই।’
 
আগামীকাল রবিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় এডিলেডে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। এ নিয়ে স্নায়ুচাপে রয়েছে দুই দলের খেলোয়াড়রাই। তাই এই স্নায়ুচাপ কমানোতেই গুরুত্ব দিচ্ছেন দুই দলের অধিনায়ক।
 
ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাত্কারে দলের সতীর্থদের উদ্দেশে মিসবাহ বলেছেন, ‘আমাদের হারানোর কিছু নেই। নিজেকে উপস্থাপন ও জয় ছিনিয়ে আনার চেষ্টা করো। ভালো ক্রিকেট খেলার চেষ্টা করো। এটাই হবে আমাদের সাফল্যের চাবিকাঠি। ভয় পাওয়ার কিছু নেই; কারণ তুমি ফলাফলকে নিয়ন্ত্রণ করতে পারবে না।’