ডিএসইতে সূচকে মূল্যসংশোধন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:৪১
 
 
 
পুঁজিবাজারে টানা আট কর্মদিবস সূচক বাড়ার পর রবিবার কিছুটা কমেছে। গত ২ ফেব্রুয়ারি থেকে টানা আট কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক ২২৩ পয়েন্ট বাড়ছে। এরপর রবিবার দরপতনকে বাজারের স্বাভাবিক দরপতন হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। এ দিকে, দরপতনের পাশাপাশি বাজারে লেনদেন অনেক কমে গেছে।
তথ্যে দেখা গেছে—রবিবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১০ পয়েন্ট কমে ৪ হাজার ৮৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্যসূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৮০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৪ কোটি ৬৬ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৬১ কোটি ৩২লাখ টাকা কম। লেনদেনকৃত ৩১০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের দর। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৮০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৬ কোটি ৩৩ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ২ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৪৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের দর।
এ দিকে, আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে—টানা দরবৃদ্ধির পর বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেয়ার প্রবণতা থেকেই দরপতন হয়েছে। এ দিকে, রবিবার ডিএসইর লেনদেনে ইঞ্জিনিয়ারিং, জ্বালানি এবং বস্ত্র খাতের প্রাধান্য ছিল সবচেয়ে বেশি। এ খাতগুলো মিলে লেনদেন হয়েছে প্রায় ৯৯ কোটি টাকার। যা বাজারের মোট লেনদেনের প্রায় ৩৮ শতাংশ।
এ দিকে, ডিএসই জানিয়েছে—পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ম্যাকসন্স স্পিনিং মিলসের পরিচালনা পর্ষদ ৩০ সেপ্টেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ ফেব্রুয়ারি। সমাপ্ত অর্থবছরে  কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৩ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৯ দশমিক ৭৮ টাকা।