আইন করে মোবাইল ফোনের সারচার্জ নির্ধারণের নির্দেশ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:৫৩
 
 
 
 
মোবাইল ফোনের টকটাইমের ওপর সারচার্জ (মাসুল) নির্ধারণে নতুন করে আইন করার নির্দেশ দিয়েছে আইন মন্ত্রণালয়। রাজস্ব বোর্ড (এনবিআর) একটি আদেশের (এসআরও) মাধ্যমে এটি কার্যকর করতে চেয়েছিল। সারচার্জ অ্যান্ড লেভি অ্যাক্ট করে এটি কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এনবিআরকে সম্প্র্রতি নির্দেশ দেয়া হয়।
এনবিআরে পাঠানো মন্ত্রণালয়ের এক মতামতে বলা হয়—মোবাইল ফোনে যেকোনো ধরনের সারচার্জ আরোপ ও আদায়ের ক্ষেত্রে সংসদের অনুমতি নেয়ার প্রয়োজন রয়েছে। এনবিআর সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বাজেটে মোবাইল ফোন ব্যবহারকারীদের টকটাইমের ওপর বিদ্যমান ভ্যাটের বাইরে আরো ১ শতাংশ হারে এই সারচার্জ আদায় করার কথা বলা হয়। চলতি ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে মোবাইল ফোনের টকটাইমে এই মাশুল আদায়ের কথা বলা হয়। কিন্তু অর্থ বিলে বিষয়টির উল্লেখ নেই। অথচ একই সময়ের অর্থবিলে তামাকজাত পণ্য, পরিবেশ দূষণকারী শিল্প ও আমদানিকৃত মোবাইল ফোনসেটের ওপর সারচার্জ আদায়ের বিষয়টি উল্লেখ ছিল।
এনবিআর সূত্র জানিয়েছে—সারচার্জ আদায়ের জন্য সারসংক্ষেপ শিগগিরই মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর এটি সংসদে উত্থাপন করা হবে।
এনবিআরের হিসাবে টকটাইমে সারচার্জ আদায় করা হলে বছরে প্রায় ১৩০ কোটি টাকার রাজস্ব আদায় হবে। বর্তমানে মোবাইল ফোন ব্যবহারকারীরা ১৫ শতাংশ হারে ভ্যাট দিচ্ছেন। সারচার্জ আদায় শুরু হলে তাদের দিতে হবে ১৬ শতাংশ হারে।  বর্তমানে দেশে প্রায় ১১ কোটি মোবাইল গ্রাহক রয়েছে।