চট্টগ্রাম থেকে চা সংসদ সচিবালয় ঢাকায় স্থানান্তরের প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ। এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের হস্তক্ষেপ কামনা করে গতকাল রবিবার এক পত্র প্রেরণ করেছেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। পত্রে তিনি বলেন, দেশের উত্পাদিত ও আমদানিকৃত চায়ের বিপণন ও বাজারজাতকরণের লক্ষ্যে চট্টগ্রামে স্থাপিত চা নিলাম কেন্দ্র ও এ কার্যক্রমের সাথে জড়িত ১৩টি ওয়্যারহাউস, ৬টি ব্রোকার হাউস, পরিবহন ব্যবসা, বিপণন কোম্পানির অফিস এবং অন্যান্য অবকাঠামোগত সুবিধা বিদ্যমান থাকায় ১৯৪৯ সালেই চা সংসদ সচিবালয় প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু ৬৫ বছরের পুরনো এই চা সংসদ সচিবালয়কে অতি গোপনে ঢাকায় স্থানান্তরের পরিকল্পনা প্রায় চূড়ান্ত। ১৯৭৮ সালে এই প্রতিষ্ঠানটিকে ঢাকায় স্থানান্তরের পাঁয়তারা করা হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের যৌক্তিক ব্যাখ্যা ও দাবির মুখে তত্কালীন বাণিজ্য মন্ত্রণালয় থেকে চা সংসদ সচিবালয় চট্টগ্রামেই থাকা যৌক্তিক উল্লেখ করে তা চট্টগ্রামেই থাকবে বলে নির্দেশনা জারি করা হলেও ৩৬ বছর পর আবারও চট্টগ্রাম থেকে চা সংসদ সচিবালয় রাজধানীতে স্থানান্তরের যৌক্তিকতা ও কারণ ব্যবসায়ী মহলের কাছে বোধগম্য নয়।
