যেসব কৃষক সময় মতো কৃষিঋণ পরিশোধ করতে পারেননি, তাদের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসাথে ইতোমধ্যেই যেসব মামলা হয়েছে এবং যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদের ঋণ পুনঃতফসিল করে মামলা থেকে রেহাই দিতেও বলা হয়েছে।
সোমবার রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ৬ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক করে এসব নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে করে এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সূর চৌধুরী।
এস কে সূর চৌধুরী বলেন, ‘সামান্য ঋণের জন্য ২ লাখের মতো কৃষকের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা করা হয়েছে। এর মধ্যে প্রায় ১০ হাজার কৃষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এসব কৃষকরা ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলেও জানা গেছে। তাই এসব কৃষকদের ঋণ পুনঃতফসিল করে তাদের মামলা নিস্পত্তি করার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি যেসব মামলা হয়েছে তা ছলেনামার (আপোষ রফার ভিত্তিতে) মাধ্যমে মামলা প্রত্যাহার করে কৃষকদের হয়রানি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। একইসাথে আগামীতে কৃষকের ঋণ পেতে যেন কোনো সমস্যা না হয় সে বিষয়ে উদ্যোগ নেয়ার পরামর্শও দেয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে (জুলাই-জানুয়ারি) মোট ৮ হাজার ৪৮৮ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার ৫৫ শতাংশ। চলতি অর্থবছর মোট ১৫ হাজার ৫০০ কোটি টাকার কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভংকর সাহা উপস্থিত ছিলেন।
