পুরোপুরি প্রস্তুত ক্লার্ক: জনসন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:৪৪
 
 
বাংলাদেশের বিপক্ষে রবিবারের ম্যাচের জন্য অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক পুরোপুরি প্রস্তুত বলে মন্তব্য করেছেন সতীর্থ মিশেল জনসন।
 

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ক্লার্ক বর্তমানে দলের বাইরে রয়েছেন। কিন্তু মেলবোর্নে গত শনিবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অনুশীলন ম্যাচে দারুণ ব্যাটিং করে ৬১ বলে ৬৪ রান সংগ্রহ করেন অসি অধিনায়ক। তারপরেও ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছিল দলীয় ব্যবস্থাপনা। তবে বাংলাদেশের বিপক্ষে রবিবারের ম্যাচে দলে ফিরে আসছেন ক্লার্ক, তা আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। জনসন ক্লার্কের ফিরে আসাকে স্বাগত জানিয়ে বলেছেন ক্লার্কের পরিবর্তে দলের দায়িত্ব পাওয়া জর্জ বেইলিও দলকে দারুণভাবে পরিচালনা করছে। তার সম্পর্কে কোনো অভিযোগ নেই। সাংবাদিকদের সাথে আলাপকালে জনসন বলেছেন, আমি ক্লার্কের অধিনায়কত্ব দারুণ উপভোগ করি। এ ব্যপারে তার অনেক অভিজ্ঞতা আছে। তবে জর্জও ভালো করছে। কিন্তু ক্লার্ক বেশ কয়েক বছর যাবত দলের নেতৃত্বে আছে। খেলোয়াড়রাও তাকে পুরো সমর্থন করে বলেই আমার বিশ্বাস।