ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-বাগদাদি শহরে ‘৪৫ জনকে পুড়িয়ে হত্যা’ করেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যাদেরকে মারা হয়েছে তারা কারা এবং কেন তাদের হত্যা করা হয়েছে তা এখনো পরিষ্কার নয়।
কর্নেল কাশিম আল-ওবেইদি বলেছেন, তার ধারণা, নিহতের মধ্যে কিছু নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছে।
গত সপ্তাহে বিমান ঘাঁটি আইন আল-আসাদের কাছের শহর আল-বাগদাদির বেশির ভাগ অংশ দখল করে আইএস।
কাশিম আল-ওবেইদি জানান, ঐ এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের ঘর-বাড়ি বর্তমানে আইএসের হামলার শিকার হচ্ছে। এ পরিস্থিতিতে তিনি সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানান।
লিবিয়ায় ২১ মিসরীয় নাগরিককে হত্যার রেশ কাটার আগেই ৪৫ জনকে পুড়িয়ে মারল জঙ্গিরা।
