মার্সিয়া ও কার্ডিফ-শব্দ দুটোর সঙ্গে দৃশ্যত এবারের বিশ্বকাপের কোনো সম্পর্ক নেই। কিন্তু ঘটনাচক্রে আজকের অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচের আগে এই দুটো শব্দই সবচেয়ে আলোচিত শব্দে পরিণত হয়েছে।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ইতিমধ্যে আঘাত হানা পঞ্চম ক্যাটাগরির সাইক্লোন মার্সিয়ার দয়ার ওপর নির্ভর করছে আজ ম্যাচের আদৌ মাঠে গড়ানো। আর মাঠে গড়ালে এই ম্যাচে বাংলাদেশ ফিরিয়ে আনতে চাইবে ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়া-বধের স্মৃতি।
এই দুই বিষয় আলোচ্য করেই আজ পৃথিবীর অন্যতম গতিশীল উইকেটের জন্য বিখ্যাত ব্রিসবেনের ‘দ্য গ্যাবা’ মাঠে মুখোমুখি হওয়ার কথা স্বাগতিক অস্ট্রেলিয়া ও বাংলাদেশের। যদি ঝড়-বৃষ্টি বাধা না দেয়, তাহলে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় শুরু হওয়ার কথা বহুল আলোচিত এই ম্যাচ।
ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে গত দুই দিন ধরেই দু’ দলের আর সব খেলোয়াড় থেকে শুরু করে অধিনায়ক; সবাই-ই বারবার আবহাওয়ার দিকে দৃষ্টি আকর্ষণ করছেন। আবহাওয়ার পূর্বাভাস ঠিক থাকলে মার্সিয়া এতোক্ষণে আঘাত হেনে ফেলার কথা কুইন্সল্যান্ডের বিভিন্ন শহরে। এর পিছু পিছু ‘ল্যাম’ নামে আরও একটি সাইক্লোন আসছে বলে আবহাওয়া আরও কয়েক দিন মুখ ভার করে থাকতে পারে।
ব্রিসবেন থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর অবশ্য জানালেন, গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় আকাশ বেশ পরিষ্কার হয়ে এসেছে। ফলে ম্যাচ নিয়ে এক ধরনের আশা তৈরি হয়েছে। কিন্তু অন্যান্য সূত্র বলছে, ম্যাচ হলেও সেটা ২০-২৫ ওভারের ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি।
ম্যাচ একেবারে না হলে বাংলাদেশের স্থূল একটা লাভ আছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে না নেমেই এক পয়েন্ট পেয়ে যাওয়া যাবে। কিন্তু বাংলাদেশ দল অন্তত এমন নেতিবাচক আলোচনাও শুনতে রাজী নয়। গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘হ্যাঁ, কিন্তু আমরা ওই এক পয়েন্টের দিকে তাকিয়ে নেই। আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে চাই। জয়-পরাজয় তো থাকবেই। কিন্তু গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা লড়াই করার সুযোগ তো রোজ আসবে না। ফলে খেলা হোক, এটাই চাইবো আমরা। এখানে ভালো একটা পারফরম্যান্স করতে পারলে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো কিছু পাওয়াও সম্ভব। ফলে খেলা না হলে আমরা অবশ্যই হতাশ হবো। হয়তো একটা পয়েন্ট পাবো; কিন্তু সে পয়েন্টের দাম কী!’
খেলা হলে বাংলাদেশ আগের ম্যাচের একাদশে তেমন কোনো পরিবর্তন আনবে বলে মনে হয় না। যদিও মাশরাফি বলেছেন, উইকেট দেখে তবে সিদ্ধান্ত নেবেন।
পরিবর্তন অবশ্যই আসবে অস্ট্রেলিয়ার একাদশে। দলের দায়িত্ব নিয়ে একাদশে ঢুকছেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। তাকে জায়গা দিতে ভারপ্রাপ্ত অধিনায়ক জর্জ বেইলিকে বাদ পড়তে হচ্ছে। এ ছাড়া অসিরা চার পেসার নিয়ে খেলার চিন্তাও করছে।
তবে সব চিন্তা ম্লান করে দিচ্ছে আবহাওয়া।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের সব আয়োজন সম্পন্ন হলেও আইসিসিও বুঝতে পারছে, এই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুব কম। এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে তারা তাই বলেছে, তাদের কাছে খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা সবার আগের ব্যাপার। আইসিসি বলেছে, তারা পরিস্থিতির দিকে চোখ রাখছে। তাদের কর্মকর্তারা দেখছেন কী অবস্থা হয়। তবে আবহাওয়ার ওপর কারো হাত নেই উল্লেখ করে তারা বলেছেন, খেলা হবে কি না, সেটা আজ সকালেই বোঝা যাবে।
নিয়ম উল্লেখ করে আইসিসি বলেছে, গ্রুপপর্বে যেহেতু কোনো রিজার্ভ ডে নেই, তাই খেলা একেবারেই না হলে পয়েন্ট ভাগাভাগি হবে। তবে কোনোভাবে ন্যূনতম ২০ ওভার করে খেলা অনুষ্ঠিত হওয়ার সুযোগ থাকলে সেটা করা হবে।
আর দর্শকদের উদ্দেশে বলা হয়েছে, একেবারেই খেলা না হলে বা ম্যাচ পরিত্যক্ত হলে তারা টিকিটের অর্থ ফেরত পাবেন।
