বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট আজ আসছেন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৫, ০২:৩৪

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট এনেট ডিক্সন পাঁচ দিনের সফরে আজ ঢাকায় আসছেন। সফরকালে তিনি অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসরকারি খাত এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সাক্ষাত্ করবেন।

বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে আরো বেগবান করতে বিশ্বব্যাংকের সহযোগিতার দিকগুলো নিয়ে তিনি আলোচনা করবেন। গত বছরের ১৫ ডিসেম্বরে ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ পাওয়ার পর বাংলাদেশে এটিই তার প্রথম সফর। এক বার্তায় ডিক্সন উল্লেখ করেন, দরিদ্র্য দেশগুলোর জন্য বিশ্বব্যাংকের দেয়া সাহায্য গ্রহণে বাংলাদেশ শীর্ষে রয়েছে। বিশ্বব্যাপী দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার। বাংলাদেশ দারিদ্র্য বিমোচন এবং অগ্রসর মানব উন্নয়নে লক্ষণীয় উন্নতি করেছে। এদেশের আরো সম্ভাবনা রয়েছে। দারিদ্র্য বিমোচন এবং সমৃদ্ধি অর্জনে বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।