রাজধানীর মহাখালীর ফ্লাইওভার থেকে নয় বছর বয়সী এক শিশু পড়ে নিহত হয়েছে। তার নাম মামুন। শনিবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রভাত ফেরি দেখতে এসে শিশু মামুন ফ্লাইওভার থেকে পড়ে যায়। এদিকে সবুজবাগ থেকে গতকাল দুপুরে রবিন নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, গতকাল সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রভাত ফেরি দেখতে শিশু মামুন তার অপর দুই বন্ধু রাব্বি ও জাহেদের সঙ্গে মহাখালী এলাকায় আসে। এরপর তারা ফ্লাইওভারের উপর ওঠে নিচের মানুষদের দেখতে গেলে অসাবধানতাবসত মামুন ফ্লাইওভার থেকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। জানা গেছে, নিহত মামুনের মায়ের নাম চানবানু। তারা কড়াইল বস্তিতে বসবাস করেন।
এদিকে সবুজবাগ এলাকা থেকে রাজিব-উর-জামান ওরফে রবিন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সবুজবাগ থানা পুলিশ জানায়, শনিবার দুপুরে স্থানীয়রা জানান, সবুজবাগ থানা এলাকার ৭২ নম্বর সবুজকানন বাড়িতে একজন আত্মহত্যা করেছে। পরে পুলিশ ওই বাসায় গিয়ে ঘর থেকে রবিনের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে রবিন আত্মহত্যা করতে পারেন।
