নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন রবিবার রাতে ঢাকা এসে পৌঁঁছেছেন। তার এবং জঁ দ্রেজের যৌথভাবে রচিত ‘ভারত: উন্নয়ন ও বঞ্চনা’ বইয়ের প্রকাশনা উত্সবে যোগ দিতে তিনি ঢাকা এসেছেন। এ উপলক্ষে সোমবার রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশনে তিনি একক বক্তৃতা দিবেন। আগামীকাল জাতীয় জাদুঘরে মানিকগঞ্জ সমিতির এক সভায়ও বাংলাদেশে জন্ম নেয়া ভারতীয় অর্থনীতিবিদ ও দার্শনিক অমর্ত্য সেনের যোগ দেয়ার কথা রয়েছে।
দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব, জনকল্যাণ অর্থনীতি ও গণদারিদ্র্যের অন্তর্নিহিত কার্যকরণ বিষয়ে গবেষণা ও উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য ১৯৯৮ সালে নোবেল পুরস্কারপ্রাপ্ত এ অর্থনীতিবিদের বক্তৃতা ও প্রকাশনা উত্সবের যৌথ আয়োজক সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও ‘প্রথমআলো’। বাংলাদেশের মানিকগঞ্জে জন্মগ্রহণকারী অমর্ত্য সেনের আদি নিবাস ছিল ঢাকার উয়ারীতে। তিনি জাতিসংঘের বিভিন্ন দেশের শিক্ষা এবং মানবসম্পদ উন্নয়ন সম্পর্কে ধারণা পাওয়ার জন্য মানব উন্নয়ন সূচক আবিষ্কার করেন। অমর্ত্য সেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক হিসেবে শিক্ষকতা শুরু করেন। এরপর তিনি লন্ডন স্কুল অব ইকোনমিক্স-এ অধ্যাপক হিসেবে যোগ দেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।
