রাজধানীর মোহাম্মদপুরে সোমবার সকালে অভিযান চালিয়ে অস্ত্রসহ পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-২ এর একটি দল। আটককৃত ছিনতাইকারীরা হলেন রুবেল (১৯), সুমন (১৮), রাজু (১৮), ইসমাইল(১৮) ও রবিউল ইসলাম (১৯)।
র্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি মারুফ হোসেন জানান, র্যাব-২ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মোহাম্মদপুর থানাধীন বাঁশবাড়ি রোডের পাশে সোনালী মাঠে কয়েকজন দুর্বৃত্ত ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। র্যাব সদস্যরা সেখানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি ও ছিনতাইকৃত ৮৮০ টাকা জব্দ করা হয়।
র্যাব সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদকালে জানিয়েছে তারা বেশ কিছুদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাই করে আসছে।
