স্মার্টফোন এবং ট্যাবলেট পিসির অপারেটিং সিস্টেম হিসেবে বিশ্বব্যাপী একচ্ছত্র আধিপত্য বজায় রেখে চলেছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। শুরু থেকেই বাজারে শক্তিশালী অবস্থান দখল করে রাখা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বর্তমান বিশ্বের ৮০ ভাগেরও বেশি স্মার্টফোনে ব্যবহূত হয়ে চলেছে। স্মার্টফোন এবং ট্যাবলেট পিসি ছাড়াও ইদানীং স্মার্ট হাতঘড়িতেও অ্যান্ড্রয়েডের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে। এর বাইরেও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে ব্যবহার করে নানা ধরনের বৈচিত্র্যময় ডিভাইস ও গ্যাজেট তৈরি করে যাচ্ছেন প্রযুক্তি পণ্য নির্মাতারা। এতসব গ্যাজেট ও ডিভাইসের ভিড়ে এবারে ভার্চুয়াল রিয়েলিটি-নির্ভর বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য অ্যান্ড্রয়েডের বিশেষ সংস্করণ তৈরি করতে যাচ্ছে গুগল। ওয়ালস্ট্রিট জার্নালের প্রকাশিত এক খবরে জানা গেছে, অ্যান্ড্রয়েডের এই বিশেষ সংস্করণ তৈরির জন্য টেক জায়ান্ট গুগল ইতোমধ্যেই তাদের প্রকৌশলীদের নিয়ে পৃথক একটি দলও গঠন করে ফেলেছে। ভার্চুয়াল রিয়েলিটি-নির্ভর বিভিন্ন ধরনের গ্যাজেট ও ডিভাইস এখন যেমন তৈরি হচ্ছে, এসব ডিভাইস ও গ্যাজেটের উপযোগী করে তৈরি করা হচ্ছে নানা ধরনের অ্যাপ্লিকেশন। আগামীদিনের এসব ভার্চুয়াল অ্যাপ্লিকেশনকে যথার্থভাবে সমর্থন দিতেই অ্যান্ড্রয়েডের ভার্চুয়াল রিয়েলিটি সংস্করণটি তৈরি করা হচ্ছে। জানা গেছে, অ্যান্ড্রয়েডের অন্যান্য সংস্করণের মতো নতুন এই সংস্করণটিকেও বিনামূল্যে বিতরণ করা হবে এবং সকলের জন্য এটি উন্মুক্ত থাকবে। ভার্চুয়াল রিয়েলিটির অ্যাপসের ক্ষেত্রেও যাতে অ্যান্ড্রয়েড একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে পারে, সেটি নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে গুগল। উল্লেখ্য, ভার্চুয়াল রিয়েলিটি বর্তমান সময়ে প্রযুক্তিবিশ্বের অন্যতম একটি আলোচিত প্রযুক্তি। সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকও অকুলাস রিফটকে কিনে নিয়ে কাজ করছে। ‘মরফিয়াস’ নামে সনিও সম্প্রতি তাদের নতুন ভার্চুয়াল রিয়েলিটি হেডগিয়ার অবমুক্ত করেছে। আরেক স্মার্টফোন নির্মাতা এইচটিসির ‘ভাইভ’ এবং টেক জায়ান্ট মাইক্রোসফটের ‘হলোলেন্স’ও ভার্চুয়াল রিয়েলিটিকে সাধারণের মধ্যে নিয়ে আসতে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে অ্যান্ড্রয়েডের বিশেষ একটি সংস্করণ ভার্চুয়াল রিয়েলিটিকে জনপ্রিয় করে তুলতে ভূমিকা রাখতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
