মতিঝিলের দিলকুশায় বহুতল ভবনে আগুন

আপডেট : ১৪ মার্চ ২০১৫, ২০:১৪
রাজধানীর মতিঝিলের দিলকুশায় আট তলাবিশিষ্ট আমানউল্লাহ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 
শনিবার বিকালে ওই ভবনের দ্বিতীয় তলায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেডের কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ অগ্নিকাণ্ডে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেডের প্রচুর নথীপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। অপরদিকে অগ্নিকাণ্ড নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম (৫০) গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৬৩ নম্বর দিলকুশার আমানউল্লাহ ভবন অবস্থিত। আট তলাবিশিষ্ট ওই ভবনের নিচ তলায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক, দ্বিতীয় তলায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স  কোম্পানি লিমিটেডের কার্যালয়, তৃতীয় আল-আরাফাহ ইসলামী ব্যাংক এর আইন বিভাগ। এছাড়া অন্য ফ্লোরগুলোতে ইসলামী ব্যাংক ও প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির কার্যালয় রয়েছে। 
আজ বিকাল ৩টা ২২ মিনিটে ওই ভবনের দ্বিতীয় তলার বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেড কার্যালয়ের একটি কক্ষে বৈদ্যুতিক     সর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এরপর ওই আগুন  ওই ফ্লোরের অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। বাইরে থেকে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। 
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রথমেই আগুন ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করে। এরফলে আগুন দ্বিতীয় তলা থেকে ছড়িয়ে অন্য কোন ফ্লোরে যেতে পারেনি। পরে টানা তিনঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে, এ অগ্নিকাণ্ড নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। 
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হাসিনা জান্নাত ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, তাদের অফিসে লিজিং কোম্পানির প্রচুর গুরুত্বপূর্ণ নথীপত্র রয়েছে। এ অগ্নিকাণ্ডে এসব নথীপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা প্রতিষ্ঠানটির জন্য অনেক বড় ক্ষতি হবে।