আইএসের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র হিসেবে বিষাক্ত ক্লোরিন গ্যাস ব্যবহারের অভিযোগ এনেছে কুর্দি কর্তৃপক্ষ। তারা দাবি করেছে ইরাকের উত্তরাঞ্চলে তাদের পেশমারগা বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হিসেবে ক্লোরিন ব্যবহারের প্রমাণ রয়েছে তাদের কাছে। তাদের অভিযোগ পেশমারগা যোদ্ধাদের লক্ষ্য করে ক্লোরিন গ্যাসের ক্যানিস্টারভর্তি একটি লরিতে বিস্ফোরণ ঘটিয়েছে আইএস।
গত ২৩ জানুয়ারি চালানো হামলার স্থানের মাটি ও কাপড়ের নমুনা ইউরোপীয় ইউনিয়ন অনুমোদিত ল্যাবরেটরিতে পরীক্ষা করে উচ্চ মাত্রার ক্লোরিনের উপস্থিতি পাওয়া গেছে। উচ্চ মাত্রায় বিষাক্ত গ্যাসটি রাসায়নিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে বলেও প্রমাণ পাওয়া গেছে ওই পরীক্ষায়।
তবে নিরপেক্ষ সূত্র থেকে দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি বলে খবরে জানিয়েছে আল জাজিরা।
খবরে বলা হয়েছে, সিরিয়া থেকে ইরাকি শহর মসুলগামী মহাসড়কের একটি যায়গায় ক্লোরিন ভর্তি একটি লরিতে বিস্ফোরণ ঘটায় আইএস জঙ্গিরা। ওই এলাকাটিতে আইএসের হামলার পর কুর্দি বাহিনী মোতায়েন করার সময় এই হামলা চালানো হয়।
উল্লেখ্য, ক্লোরিন হালকা সবুজ রঙের একটি মারাত্মক বিষাক্ত গ্যাস। প্রথম বিশ্বযুদ্ধে রাসায়নি অস্ত্র হিসেবে এটি ব্যবহার করা হয়েছিল।
