দীঘিনালা উপজেলার বাবুছড়া থেকে বিজিবি ৫১ ব্যাটালিয়ন সদর দপ্তর স্থানান্তরের দাবিতে গতকাল সকালে পদযাত্রা কর্মসূচি চলার সময় সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন এই কর্মসূচির আয়োজন করে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পদযাত্রায় বাধা দিলে দফায় দফায় সংঘর্ষ হয়। কর্মসূচির সমর্থকরা ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ লাঠিচার্জ ও ফাঁকাগুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে। সংঘর্ষের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, নয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্তত ১৩ জন আহত হন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদত হোসেন টিটু জানান, এখন পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। অপর দিকে ইউপিডিএফের সংগঠক কিশোর চাকমা জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর হামলায় তিন গ্রামবাসী আহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে আজ সোমবার দীঘিনালায় সকাল-সন্ধ্যা অবরোধ ডেকেছে ইউপিডিএফ সমর্থিত ভূমি রক্ষা কমিটি। কমিটির সদস্য সচিব ধর্মজ্যোতি চাকমা এক প্রেস বিজ্ঞপ্তিতে অবরোধের ঘোষণা দিয়ে বলেন, হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে বিজিবির ৫১ ব্যাটালিয়নের সদর দপ্তরের জন্য ইমারত নির্মাণের কোনো সামগ্রী নিয়ে যেতে দেয়া হবে না।
