চলন্ত বাসে ব্যাগের ভেতর শিশুর লাশ

আপডেট : ১৬ মার্চ ২০১৫, ২৩:৪৪
 
রাজধানীতে বাসের ভেতর থেকে ব্যাগবন্দি অবস্থায় ৫ বছর বয়সি এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে বনানীর কাকলী মোড়ে দেশবাংলা পরিবহন থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত এই শিশুটির কোন পরিচয় জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দিকে এ ঘটনার বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বাসের চালক ও হেলপারকে আটক করেছে। দেশবাংলা পরিবহনের ওই বাসটি বর্তমানে বনানী থানার জিম্মায় রয়েছে।
 
বাসের একযাত্রী জানায়, দেশবাংলা পরিবহনের বাসটি টঙ্গীর আবদুল্লাহপুর থেকে কাকলী আসছিল। যাত্রীরা বাসের ভেতর দুর্গন্ধ পেলে হেলপারকে ডাকে। হেলপার এসে একটি সিটের সামনে নীল রঙ্গের একটি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখে। যাত্রীদের তোড়জোরে হেলপার ব্যাগ খুলে দেখে শিশুর লাশ। বাসটি কাকলী বাসস্ট্যান্ডে পৌঁছালে যাত্রীরা বাসটি থামিয়ে নেমে যায় এবং এ সময় যাত্রীরা চিত্কার-চেঁচামেচি করে। এদিকে যাত্রীদের চেঁচামেচি শুনে পাশে দাঁড়িয়ে থাকা বনানী থানার এসআই খালেদ সাইফুল্লাহ বাসের ভেতর গিয়ে লাশটি উদ্ধার করে। দুই/একদিন আগে এই শিশুটিকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারনা করছে।
 

বাসের হেলপারে দেয়া তথ্যের বরাদ দিয়ে এসআই খালেদ সাইফুল্লাহ জানান, একটি যাত্রী আব্দুল্লাহপুর থেকে এই ব্যাগ নিয়ে বাসে ওঠে। বাসে যাত্রী বেড়ে গেলে বাসের মধ্যে একধরনের গন্ধ ছড়িযে পড়ে। এ সময় যাত্রীরা হেলপারকে বকাঝকা করলে হেলপার বাসে তল্লাশী চালায়। এ সময় বাসের যাত্রীরা বাসের মধ্যে দাঁড়িয়ে চেচামেচি করছিল। তখন বাসের মাঝামাঝি অংশের একটি সিটের সামনে ব্যাগটি পড়েছিল। তখন ওই ব্যাগের মালিককে খোঁজ করা হলে কেউ ব্যাগের মালিক হিসেবে নিজেকে দাবি করে না। তখন যাত্রীদের নির্দেশে হেলপার ওই ব্যাগটি খোলে এবং ওই ব্যাগের মধ্যে লাশটি দেখতে পায়। তখন বাসের মধ্যে আরো হৈচৈ শুরু হয়ে যায়। যে যার মতো বাস থেকে নেমে পরে। হেলপার তাকে আরো জানিয়েছে যেই যাত্রী ওই ব্যাগ নিয়ে বাসে ওঠেছিল, ব্যাগ খোলার সময় তাকে তিনি দেখতে পাননি।