কানাডায় বঙ্গবন্ধুর জন্মদিনে চিত্রাংকন প্রতিযোগিতা

আপডেট : ১৬ মার্চ ২০১৫, ২৩:১৯

কানাডার অটোয়াস্থ বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে ১৭ মার্চ একই সঙ্গে টরন্টো এবং অটোয়ায় ‘আমাদের দেশ’ শীর্ষক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেলো। জাতীয় শিশু দিবস, ২০১৫ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত শিশুদের এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার ‘ক’ গ্রুপে বয়স ৫-৮ বছর এবং ‘খ’ গ্রুপে বয়স ৯-১২ বছর। 

টরন্টোর বাংলাদেশী অধ্যূষিত ড্যানফোর্থ এলাকার বাংলাদেশ সেন্টারে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কেটে প্রতিযোগিতার উদ্বোধন করেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার কামরুল আহসান। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টরন্টোর চল্লিশ জন শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার উদ্বোধনকালে হাই কমিশনার তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস চর্চা এবং আমাদের সংস্কৃতির বিকাশে কানাডা প্রবাসী বাংলাদেশীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভবিষ্যত প্রজন্মের মাঝে বাংলাদেশ, বঙ্গবন্ধু এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে তুলে ধরতে হবে। দেশের উন্নয়নে অবদান রাখার ক্ষেত্রে তিনি কানাডাপ্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, প্রাণপ্রিয় দেশমাতৃকা এবং আমাদের মহান স্বাধীনতাকে জানার পাশাপাশি মানসপট থেকে চিত্রপটে আরো নিপূণভাবে প্রকাশ করার মাধ্যমে দেশ থেকে বহুদূরে বসবাসকারী শিশুরা উপলব্ধি করবে নিজেদের মাতৃভূমির স্বাধীনতা সংগ্রামকে, ভালোবাসতে শিখবে নিজেদের দেশকে – সে প্রত্যাশা থেকেই প্রতিবছর বাংলাদেশ হাই কমিশন এ প্রতিযোগিতার আয়োজন করে চলেছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্ট সোসাইটি অব নর্থ আমেরিকা (BASNA)’র প্রাক্তন প্রেসিডেন্ট ও বর্তমান আহবায়ক মাজহারুল হক, বাংলাদেশ হাই কমিশনের প্রথম সচিব মাকসুদ খান, BASNA’র  যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক নীল উৎপল দেবনাথ, সদস্য তামিম আর খানসহ সোসাইটির সদস্যবৃন্দ।

অটোয়ার প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় স্পার্কস স্ট্রীটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কার্যালয়ে। বৈরি আবহাওয়া উপেক্ষা করে অটোয়া ডাউনটাউন, অরলিন্স এবং বাঙালী অধ্যুষিত বার হেভেন এলাকা থেকে আগত মোট ২৪ জন শিশু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। “আমাদের দেশ” এবং “আমাদের স্বাধীনতা” – বিষয়ের উপর বয়সভিত্তিক চিত্রাঙ্কনে নৈপুণ্যের সঙ্গে তারা ফুটিয়ে তোলে বাংলাদেশ এবং আমাদের স্বাধীনতাকে। এ সময় বাংলাদেশ হাই কমিশনের কাউন্সিলর ইসরাত আহমেদ, প্রথম সচিব (বাণিজ্যিক) দেওয়ান মাহমুদ, বাংলাদেশ আর্ট সোসাইটি অব নর্থ আমেরিকা (BASNA)’র অটোয়া প্রতিনিধি আফরোজা খান লিপি, ট্রেড ফ্যাসিলিটেশন অফিস কানাডা (TFO,CA) -এর এশিয়া বিভাগের প্রোগ্রাম ম্যানেজার জাকিউল্লাহ মুন্সী এবং হাই কমিশনের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শিশু-কিশোর ও তাদের অভিভাবকদের পদচারণায় মুখরিত ছিলো হাই কমিশন প্রাঙ্গণ।