রাজধানী খিলক্ষেত থানায় যোগ দেয়ার এক সপ্তাহের মাথায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল আমিন (৩২)। আহত হয়েছেন ওই থানার কনস্টেবল শাহজাহান মিয়া (৪০)।
মঙ্গলবার ভোররাত ৩টার দিকে খিলক্ষেত বাজার এলাকার সামনের সড়কে বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আল আমিন ও শাহজাহানকে ধাক্কা দেয়। হাসপাতালে নেয়ার পর আল আমিনের মৃত্যু হয়। চিকিত্সাধীন রয়েছেন শাহজাহান। তার অবস্থা আশঙ্কামুক্ত। নিহত আল আমিনের গ্রামের বাড়ি শেরপুরে।
খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাতে এএসআই আল-আমিন ও কনস্টেবল শাহজাহান আরো কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে বিমানবন্দর সড়কে নাইট ডিউটি করছিলেন। ওই সময় রাস্তা দাঁড়িয়ে থাকা এ দু’জন পুলিশকে একটি ট্রাক এসে ধাক্কা দেয়। ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। আল আমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। ঢামেকে নিয়ে যাওয়া হলে রাত ৩টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বর্তমানে কনস্টেবল শাহজাহান কুর্মিটোলা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। এই ঘটনার পর ট্রাকের একজনকে আটক করেছে পুলিশ। প্রসঙ্গত, গত ১০ মার্চ আল আমিন খিলক্ষেত থানায় যোগ দেন।
