স্মার্ট ফোনের বাজারে অনেক চেষ্টার পরও নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে না পেরে এখন উইন্ডোজ ১০ এর সাফল্যের দিকে তাকিয়ে আছে মাইক্রোসফট। নতুন এই অপারেটিং সিস্টেমের সফলতা নিয়ে তারা এখন অনেকটা বেপরোয়া। সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের সিদ্ধান্ত আসল বা নকল সকল উইন্ডোজ ব্যবহারকারীই এক বছরের ভেতর বিনামূল্যে উইন্ডোজ ১০ এ আপগ্রেড করার সুযোগ পাবে।
স্মার্টফোনের মত পিসি গ্রাহকরাও যেন মুখ ফিরিয়ে না নেয় তাই এমন সিদ্ধান্ত নিতে হল মাইক্রোসফটকে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। এর আগে মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়েছিল শুধুমাত্র আসল উইন্ডোজ ৭, ৮ ও ৮.১ ব্যবহারকারীরাই বিনামূল্যে উইন্ডোজ ১০ এ আপগ্রেড করে নেয়ার সুযোগ পাবে। এবার নকল বা পাইরেটেড উইন্ডোজ ব্যবহারকারীরাও এই সুযোগ পাবেন।
উল্লেখ্য পিসির বাজারে একচেটিয়াভাবে ব্যবসা করছে মাইক্রোসফট। বিশ্বের ৯০ শতাংশেরও বেশি কম্পিউটারে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয় মাইক্রোসফটের সফটওয়্যার।
মোবাইল ও পিসি দুই প্ল্যাটফর্মকে একীভূত করে এ বছর শেষ নাগাদ বাজারে আসতে যাচ্ছে মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ উইন্ডোজ ১০। উইন্ডোজ ৮ ও ৮.১ এর ব্যর্থতার পর নতুন এই অপারেটিং সিস্টেমে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। ফিরিয়ে আনা হচ্ছে স্টার্ট মেনু। ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকছে কর্টানা ও নতুন একটি ইন্টারনেট ব্রাউজার। তবে সবচেয়ে বড় যে পরিবর্তনটি আসবে তা হল মোবাইল ও পিসির আলাদা অ্যাপ মার্কেটকে একটি অভিন্ন অ্যাপ মার্কেটে নিয়ে আসা।
আগ্রহী ব্যবহারকারীরা নতুন এই অপারেটিং সিস্টেমের সাথে পরিচিত হতে সফটওয়্যারটির কনজিউমার প্রিভিউ ডাউনলোড করে ব্যবহার করতে পারছেন। সূত্র: দ্য ভার্জ
