নরসিংদীর রায়পুরায় ছিনতাইকারীদের গুলিতে সহিদ মিয়া (৪৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের রাধাগঞ্জবাজার এলাকায় শনিবার রাতে এ ঘটনাটি ঘটে। নিহত সহিদ মিয়া উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় আদিয়াবাদ রাধাগঞ্জবাজারের মুদি-মনোহরী ব্যবসায়ী রিফাত মিয়া দোকানের সামনে মোটরসাইকেল রেখে মাগরিবের নামাজ পড়তে যান। এই সুযোগে দুইজন ছিনতাইকারী অন্য একটি মোটরসাইকল চালিয়ে এসে সহিদ মিয়ার মোটরসাইকেলটি নেয়ার জন্য স্টার্ড দিতে চেষ্ঠা করে। এ সময় পথচারীরা ছিনতাইকারীদের ধাওয়া করে। ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যাওয়ার সময় বাজারের কিছু দূরে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। এ সময় গরু ব্যবসায়ী সহিদ মিয়া তাদের ধরতে গেলে ছিনতাইকারীদের পিস্তল দিয়ে সহিদের বুকে গুলি করে পালিয়ে যায়। এতে সহিদ মিয়া গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার ওসি মো. আজহারুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চালানো হবে।
