গেল স্বাধীনতা দিবসে গুগল ট্রান্সলেট সেবায় চার লাখ বাংলা শব্দ সংযোজনের লক্ষ্য নিয়েও ওই দিনে সাত লক্ষাধিক বাংলা শব্দ সংযোজন করে নতুন এক রেকর্ড গড়েছে বাংলাদেশ। দেশের ৮১টি স্থানে চার সহস্রাধিক স্বেচ্ছাসেবী ছাড়াও প্রবাসেরও অনেকেই অংশগ্রহণ করেন এই উদ্যোগে। আর তাতেই লক্ষ্য পূরণ হয়েও হয় নতুন রেকর্ড। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ অর্জন প্রসঙ্গে বলেন, ‘লক্ষ্য ছিল ৪ লাখ। গুগল ট্রান্সলেটে একদিনে সর্বোচ্চ অবদানের রেকডর্ করা, বাংলাকে নিয়ে যাওয়া সবার ওপরে। আমরা তা পেরেছি।’ জিডিজি বাংলার কমিউনিটি ম্যানেজার জাবেদ সুলতান পিয়াস জানান, আগামী পহেলা বৈশাখ পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। দ্রুতই গুগল এই রেকর্ডের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাবে বলে জানান তিনি।
