বিশ্বব্যাপী বাড়ছে ইন্টারনেটের ব্যবহার। সেইসাথে আগের তুলনায় আরও বেশি গতির ইন্টারনেটের দিকেও ধাবিত হচ্ছে বিশ্ব। তাতে করে বিশ্বব্যাপীও ইন্টারনেটের গতি খানিকটা হলেও বেড়েছে। আর ইন্টারনেটের গতিতে শীর্ষস্থানীয় দেশটিই এশিয়ার। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা আকামাইয়ের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, গেল বছরের শেষ চতুর্ভাগের (অক্টোবর-ডিসেম্বর) তথ্য বলছে, আগের চতুর্ভাগের (জুলাই-সেপ্টেম্বর) তুলনায় এই চতুর্ভাগে এসে বিশ্বব্যাপী ইন্টারনেটের গড় গতি বেড়েছে ০.৭%। এতে করে বৈশ্বিক এই গড় ইন্টারনেট গতি দাঁড়িয়েছে ৪.৫ এমবিপিএস। চতুর্ভাগের হিসেবে এই পরিমাণ তাত্পর্যপূর্ণ না হলেও আগের বছরের তুলনায় এটি অনেকটাই বেড়েছে। বছরের হিসেবে এই বৃদ্ধির হার ২০%। ইন্টারনেটের গতির দিক থেকে শীর্ষ তিনটি দেশের স্থানই দখল করে রেখেছে এশিয়ার তিনটি দেশ। এক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে বরাবরের মতোই দক্ষিণ কোরিয়া। দেশটিতে ইন্টারনেটের গড় গতি ২২.২ এমবিপিএস। আগের চতুর্ভাগের তুলনায় এই গতি ১২% কমলেও আগের বছরের তুলনায় এই গতি ১.৬% বেশি। আগের চতুর্ভাগের তুলনায় ৩.৪% এবং আগের বছরের তুলনায় ৩৭% গতি বৃদ্ধি হয়ে হংকংয়ের বর্তমান গড় গতি ১৬.৮ এমবিপিএস। শীর্ষ দশে তাদের তুলনায় দ্বিতীয়। তৃতীয় স্থানে থাকা জাপানে ইন্টারনেটের গড় গতি ১৫.২ এমবিপিএস, আগের চতুর্ভাগের তুলনায় যা ১% এবং আগের বছরের তুলনায় ১৬% বেশি। শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো যথাক্রমে সুইডেন (১৪.৬ এমবিপিএস), সুইজারল্যান্ড (১৪.৫ এমবিপিএস), নেদারল্যান্ড (১৪.২ এমবিপিএস), লাটভিয়া (১৩.০ এমবিপিএস), আয়ারল্যান্ড (১২.৭ এমবিপিএস), চেক প্রজাতন্ত্র (১২.৩ এমবিপিএস) এবং ফিনল্যান্ড (১২.১ এমবিপিএস)। ‘ফোরকে রেডিনেস’ থ্রেশহোল্ডে ১৫ এমবিপিএস ন্যূনতম গড় গতি হিসাব করে কেবল এশিয়ার শীর্ষ তিনটি দেশই এই তালিকায় স্থান পেয়েছে।
n মোজাহেদুল ইসলাম
