দু’জন বন্ধু মিলে ছাত্র অবস্থায় একটি আইটি ফার্ম খোলেন। নাম দেন ‘টেকনেক্সট লিমিটেড’। মাত্র তিন বছরের মাথায় এটি বর্তমানে বাংলাদেশের অন্যতম সেরা আইটি ফার্ম। ঢাকার বাইরে থেকেও তাদের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সকল ক্ষেত্রে। এই দুই তরুণরা হলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সৈয়দ রেজওয়ানুল হক ও মো. শাহজাহান জুয়েল। শুরুটা খুব বেশিদিন আগের নয়। ২০১২ সালের মাঝামাঝি সময়। তারা যখন বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্র তখনই যাত্রা শুরু হয়। উদ্দেশ্য ছিল নিজেরা কিছু একটা করবে। যে মেসে থাকতেন সেখানেই কাজ শুরু করেন। প্রথম দিকে বিভিন্ন মার্কেটপ্লেসে ছোটোখাট কিছু কাজ করতেন। পরবর্তীতে তাদের সাথে প্রিয়ম এবং অনিন্দ্য নামের দু’জন জুনিয়র কাজ করতে শুরু করে। মাত্র কয়েক মাসে তারা বুঝতে পারেন তাদের লেগে থাকতে হবে এবং বড় কিছু পরিকল্পনা করতে হবে। তারা তখন চিন্তা করেছিলেন তাদের আরও কয়েকটা সেক্টরে কাজ করতে হবে এবং তাদের অনেক বড় টিম গঠন করা প্রয়োজন। ২০১৩ সালের প্রথম দিকে তাদের সাথে যোগ দেন সোহেল, শশী, আমিনুল এবং আরজু। তারা সবাই বিশ্ববিদ্যালয়ে অনেক তুখোড় প্রোগ্রামার ছিলেন। সবাই বিশ্ববিদ্যালয় জীবনের অনেক কাছের বন্ধু এবং প্রায় পুরোটা সময় একসাথে একই মেসে থেকেছেন। এছাড়াও আরও কয়েকজন জুনিয়র আকিব, জিহান, ইয়ামিন, নিবিড়, শুভ, রেজা, নাঈম, ধ্রুবসহ বেশ কয়েকজন জুনিয়র যোগ দেয়। সেসময় তাদের কাজের গতি অনেক বেড়ে যায়। তারা ওয়েব এপ্লিকেশন এবং মোবাইল এপ্লিকেশন এই দু’টি নতুন সেক্টরে কাজ শুরু করেন। বর্তমানে সর্বমোট ২০ জন ডিজাইনার, ডেভেলপার এবং প্রোগ্রামার একসাথে কাজ করছেন। তারা জানালেন, তারা মূলত ওয়েব এপ্লিকেশন, মোবাইল এপ্লিকেশন এবং ওয়েব ডিজাইন নিয়ে কাজ করেন। এখানে নতুন কিছু বা উদ্ভাবনী কিছু নেই। তবে তারা কাজ করে যাচ্ছেন নিজেদের কিছু সার্ভিস এবং প্রোডাক্ট দাঁড় করানোর জন্য যেটা আসলে ভবিষ্যতে তাদেরকে অন্যদের চেয়ে আলাদা করবে। তারা বিদেশের দুইটি কোম্পানির সাথে পার্টনারশীপে কিছু সার্ভিস বেইজড কাজ করছেন, নিজেদের মোবাইল গেমস ও অ্যাপ তৈরি করে বাজারজাত করছেন এবং আরও কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। ভবিষ্যতে হয়তো আমাদের দেশি অনেক কোম্পানি বড় বড় সার্ভিস এবং প্রোডাক্ট দিয়ে বিশ্ববাজারে স্থান করে নেবে। বর্তমানে দেশে অনেক বড় বড় সফটওয়্যার কোম্পানি আছে যাদের মালিকানা অন্যান্য দেশের লোকজনের। অথচ তাদের সব কাজই আমাদের দেশের মেধাবী প্রোগ্রামার-ইঞ্জিনিয়াররা করছে। তারা জানালেন, স্টার্টআপ কোম্পানির ক্ষেত্রে সব কাজের ডকুমেন্টেশন রাখা অনেক জরুরি। আইটি ইন্ডাস্ট্রি একটি উন্মুত্ত প্লাটফর্ম। এটি কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। শুধুমাত্র দক্ষতা এবং লেগে থাকার যোগ্যতা থাকলে আপনি বেশ ভালো করতে পারবেন। তবে বড় কিছু করতে চাইলে আপনাকে অনেক কিছু জানতে হবে। একটি ডেডিকেটেড টিম তৈরি করে কাজ চালিয়ে যেতে হবে। তাদের ভবিষ্যত লক্ষ্য হলো, সিলেটে একটি বিশ্বমানের সফটওয়্যার কোম্পানি গড়ে তোলা। তারা সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছেন। তারা বিশ্বাস করেন একাগ্রতার সাথে কোনোকিছুতে লেগে থাকলে এবং ডেডিকেশন নিয়ে সেটার জন্য পরিশ্রম করলে সফলতা অবশ্যই ধরা দেবে।
